কটিয়াদীতে ডায়াবেটিক সমিতি উদ্বোধন
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের কটিয়াদীতে আশংকাজনক হারে বেড়ে চলেছে ডায়াবেটিক রোগীর সংখ্যা। জেলা সদর ছাড়া ডায়াবেটিক চিকিত্সার সুব্যবস্থা না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ডায়াবেটিক রোগীদের উদ্যোগে গঠিত হয়েছে কটিয়াদী ডায়াবেটিকস সমিতি। গতকাল বুধবার কটিয়াদী দরগাহ জামে মসজিদ সংলগ্ন সমিতির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ কটিয়াদী আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাড.সোহরাবউদ্দিন, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আবদুল ওয়াহাব আইন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির সভাপতি মো: মানিক মিয়া প্রমুখ।
চাটখিলে ডাকাতের কবলে পড়ে প্রবাসী নিঃস্ব
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলের দক্ষিণ ঘোমাতলী গ্রামের নতুন বাড়ির প্রবাসী আবুল কাশেম গতকাল মঙ্গলবার রাতে বাড়িতে আসার ৩ঘণ্টার মধ্যে ডাকাতের কবলে পড়েছে। এতে করে সে বিদেশ থেকে আনা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪লক্ষাধিক টাকার মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এ ব্যাপারে থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, এ ধরনের ডাকাতি সম্পর্কে তাদের কোন তথ্য জানা নেই। তবে ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু ডাকাতির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। পরে তারা খৈসাইর এলাকায় একটি সংক্ষিপ্ত সভা করে। সভায় বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন খান, আতাউর রহমান, গোলজার হোসেন, গিয়াসউদ্দিন হবি, মিজান মুন্সি, বাদশা মিয়া, আব্দুস ছাত্তার, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, মামুন মিয়া, আমিন রানা, খোকন মিয়া, সামছুল হক প্রমুখ।
রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জেলার রামগঞ্জ উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নে মোশারফ হোসেন ফিরোজকে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, সুমন পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারী ও সাইফুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক কাজী রাশেদ ও যুগ্ম-আহ্বায়ক শাহাব উদ্দিন সাবু, আলমগীর হোসেন এ কমিটির অনুমোদন দেয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগ সভাপতি ও প্যানেল মেয়র মোঃ শাহাজান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন প্রমুখ।
চারঘাট উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা \ চারঘাট উপজেলা পরিষদ ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদের সভাপতিত্বে উন্মুক্ত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করা হয়। বাজেটে ২০১৪-১৫ অর্থ বছরে ১০ হাজার তিনশ’ ৩৪ টাকা উদ্বৃত্ত দেখিয়ে আয় ৯৮ লক্ষ ৬০ হাজার ৩শ’ ৩৪ টাকা এবং ব্যয় ৯৮ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমুল হক, মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা খাতুন, সাবেক পৌর মেয়র বিকুল আলী প্রমূখ।
লালপুরে আনসার-ভিডিপি’র সমাবেশ
লালপুর (নাটোর) সংবাদদাতা \ বুধবার লালপুর উপজেলার বরমহাটি উচ্চ বিদ্যালয়ে এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে আনসার-ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আনসার ভিডিপি এ্যাডজুটেন্ট আব্দুর রশিদ। এতে বক্তব্য রাখেন আনসার ভিডিপি ব্যাংকের রাজশাহী অঞ্চলের পরিচালক আব্দুল খালেক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খালেকুজ্জামান, উপজেলা প্রশিক্ষক মনিরুল ইসলাম, দুয়ারিয়া ইউনিয়ন দলনেতা মসলেম উদ্দিন প্রমুখ।
মেহেরপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণে গোল টেবিল বৈঠক
মেহেরপুর প্রতিনিধি \ যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতির উপর মেহেরপুরে সাংবাদিকদের নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ ইসমাইল ফারুক। উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ আবুল বাশার, বিএম-এর সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ। অনুষ্ঠানে বক্তারা যক্ষ্মার রোগের উপর সচেতনতা বৃদ্ধি ও এ চিকিত্সার অগ্রগতির উপর প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা গোল টেবিল বৈঠকে অংশ নেয়।
নবীনগরে ৪ মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার উত্তর পাড়ার সোনা মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিওিতে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকালে ৪ মাদকসেবীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে সাদ্দাম হোসেন (২৫), সিরাজুল ইসলাম (৪৫), বেদন মিয়ার ছেলে সাইদুল আলম (২৫) ও মামুন (২২)। পরে ওইদিন রাতেই পুলিশ মাদক সেবীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি আবুল কালাম সবাইকে দুই মাস করে জেল প্রদান করে।
কুমিল্লায় একমাসে ১৬ খুন
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় গত এপ্রিল মাসে ১৬টি খুন ও ৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সবমিলিয়ে গত ১ মাসে জেলায় ৫৯২টি গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। জেলা আইন-শৃংখলা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, এপ্রিল মাসে ১৬টি হত্যাকাণ্ড ও ৭টি ধর্ষণের ঘটনা ছাড়াও ডাকাতি ৫টি, অপহরণ ৫টি, রাহাজানি ও দস্যুতা ৮, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৩টি। ওই মাসে আইন-শৃংখলা বাহিনীর অভিযানে ৩টি পিস্তল, ১টি পাইপগান, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ৯৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬৪ মামলায় ২৭১ জনকে অর্থদণ্ড ও সাজা দেয়া হয়েছে। দণ্ডিতদের কাছ থেকে ৩ লাখ ২৭ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কুমিল্লার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খুনের ঘটনাগুলোর বেশিরভাগই পারিবারিক কলহের জের ধরে ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট-এর শিক্ষার্থীরা গাড়ি চাপায় ছাত্র আহত হওয়ার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টায় তৃতীয় সেমিস্টারের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী তারেক মিয়া (১৮) লোকাল বাসে উঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে বাস চালকের বিচার ও স্পীড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় লোকদের সহায়তায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে ।
বেতাগীতে লোকাল এগ্রি বিজনেস প্রকল্পের কর্মশালা
বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে লোকাল এগ্রি বিজনেস নেটওয়ার্ক (ল্যান) প্রকল্পের আওতায় ক্যাটালিস্ট-হ্যালবেটাস সুইস ইন্টার কর্পোরেশন’র সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশনের (জেসিএফ) উদ্যোগে গতকাল বুধবার প্রাথমিকভাবে নির্বাচিত ব্যবসায়ী সমিতির সাথে প্রকল্পের ভবিষ্যত্ ভাবনা বিষয়ে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সার ও কীটনাশক ব্যবসায়ী আবুল বাশারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার। রিজিওনাল অফিসার মশিউর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু। স্বাগত বক্তব্য রাখেন সার ও কীটনাশক ব্যবসায়ী শহীদুল ইসলাম।
শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থক দু’দলের সংঘর্ষ
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তেঘরি গ্রামে আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ওই গ্রামে মসলেম উদ্দিন ও আবু বকরের দুটি সামাজিক দল রয়েছে। দু’দলই আওয়ামী লীগ সমর্থক। আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের মধ্যে শত্রুতা চলে আসছে। মঙ্গলবার মসলেম উদ্দিনের দলের রশিদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে দু’দলের সমর্থকদের মধ্যে মঙ্গলবার রাতে এক দফা হাতাহাতি হয়। এ ঘটনার জেল ধরে আজ সকালে দু’ দলের লোকজন ঢাল, সুরকি, তলোয়ার, রামদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি আরো জানান।
পূর্বধলায় নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন শীর্ষক কর্মশালা
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পল্ল¬¬ী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে দু’দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা পল্ল¬¬ী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কার্যালয়ে দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. আবুল কালামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, পিডিবিএফ এর ঊর্ধ্বতন কর্ম সহকারী পরিচালক আশুতোষ সরকার, সহকারী পরিচালক খোকন চন্দ্র সরকার, আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন, সহ-সভাপতি নূর আহাম্মদ খান রতন প্রমুখ।
মণিরামপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
মণিরামপুর (যশোর) সংবাদদাতা \ সমাজের দুস্থ ও অবহেলিত পিছিয়ে পড়া নারীদের উপার্জনক্ষম করতে জাগরণী চক্র ফাউন্ডেশন গতকাল বুধবার ২৫ জন নারীর হাতে ১টি করে সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী তুলে দিয়েছেন। মণিরামপুর ইউপিপি শাখায় আনুষ্ঠানিকভাবে এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান ও শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম তাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান কার্যালয়ের প্রশিক্ষক সুলতানা রাজিয়া, খেদাপাড়া শাখা ম্যানেজার দেলোয়ার হোসেন, নেহালপুর শাখা ম্যানেজার ইমদাদুল হক, রাজগঞ্জ শাখা ম্যানেজার আব্দুর রহমান ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বোরহান উদ্দীন জাকির প্রমুখ।
সিংড়ায় বিএফডিএস-এর শাখা উদ্বোধন
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ “সুস্থ থাকতে কার্ড করুন, অসুস্থ অবস্থায় সেবা নিন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় বাংলাদেশ ফ্যামিলি ডেভেলপমেন্ট সোসাইটির শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল বুধবার। এ উপলক্ষে অর্গানাইজার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর ক্লিনিকের পরিচালক ডাঃ মোজাহিদুল ইসলাম খোকন, বিনগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ মজিদ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফ্যামিলি ডেভেলপমেন্ট সোসাইটির থানা কর্মকর্তা ওমর ফারুক নয়ন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, ইউনিয়ন সুপারভাইজার রিয়াদুল ইসলাম প্রমুখ।
হোসেনপুরে ডাক্তার পুনর্বহালের দাবিতে সমাবেশ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনামধন্য ডা:আব্দুল¬াহ আল শামীমকে পুনর্বহালের দাবিতে গতকাল বুধবার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। স্থানীয় সমাজসেবক আনার উদ্দিন বদরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সমজসেবক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি আল-আমিন অপু, ছাত্রলীগ নেতা আহাদুল ইসলাম, টুটুল মিয়া, ফখরুল মিয়া, মোখলেছ মিয়া প্রমুখ। স্থানীয়রা জানান, ডা: আব্দুল্লাহ আল শামীম তিন বছর যাবত্ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দক্ষতার সাথে রোগীদের সেবা দিয়ে আসছে। কিন্তু একটি মহল উক্ত ডাক্তারের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে অন্যত্র বদলি করে।
ময়মনসিংহে নার্সদের কালোব্যাজ ধারণ ও সমাবেশ
ময়মনসিংহ প্রতিনিধি \ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সদের ওপর ইন্টার্ন চিকিত্সকদের হামলার প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা গতকাল বুধবার। সমাবেশে হামলাকারী চিকিত্সকদের অবিলম্বে গ্রেফতার দাবি করে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচির কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজে ক্লাস বন্ধসহ হাসপাতালে চিকিত্সা সেবা বন্ধ থাকে।
আড়াইহাজারে ঝড়ে ক্ষতিগ্রস্তদেরকে অনুদান প্রদান
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার সকাল ১১টায় চাল ও চেক প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা এই অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রইস উদ্দিন মুকুল, যুবলীগ নেতা শাহিন সরকার ও স্থানীয় ইউপি সদস্য সোহরাব মিয়া উপস্থিত ছিলেন। বিশনন্দী ইউনিয়নের ৩০টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল এবং আহত ৫ জনকে ৫ হাজার টাকার চেক দেয়া হয়। প্রসঙ্গত, ১৫ মে কালবৈশাখী ঝড়ে আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের ৩০টি ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়।
বকশীগঞ্জে ডিজিটাল মেলার উদ্বোধন
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার এ মেলার উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, সাংবাদিক শাহীন আল আমীন, সরকার আব্দুর রাজ্জাক প্রমুখ।
বিজয়নগরে বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ গত মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে বিজয়নগর উপজেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়েছে জেলা বিএনপি। এ ব্যাপারে জেলা বিএনপি আহবায়ক হাফিজুর রহমান কচি মোল্লা জানান, নতুন ভাবে বিএনপিকে ঢেলে সাজানোর লক্ষ্যে এবং নেতাকর্মীদের চাঙ্গা করতে পুরান কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হবে।
শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল ও মদ উদ্ধার
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সোনামসজিদ বিওপির কমান্ডার সুবেদার মোহাঃ আখতার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকার বালিয়াদিঘি কলোনীতে সেনাউল হকের বাড়ির পার্শ্বে একটি গর্তের মধ্যে প্লাস্টিকের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২৮৫ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ ও ফেনসিডিলের মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। এব্যাপারে সোনামসজিদ বিওপির কমান্ডার সুবেদার মোহাঃ আখতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
