জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে এ মামলা দুইটিতে বাদীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।
গত ৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আদালতের এজলাস পরিবর্তন করে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বকশি বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী এজলাসে মামলা দুইটির বিচারের জন্য স্থান নির্ধারণ করা হয়। সে অনুযায়ী অস্থায়ী এজলাসে সাক্ষী হিসাবে রাষ্ট্রপক্ষে মামলা দুইটির বাদী দুদকের উপ-পরিচালক হারুনুর রশিদ-এর হাজিরা দাখিল করা হয়।
অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মামলা দুইটির বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের উল্লেখ করে সাক্ষ্যগ্রহণ শুরুর বিষয়ে সময়ের আবেদন জানান। একইসঙ্গে খালেদা জিয়ার উপস্থিতির জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক বাসুদেব রায় সাক্ষ্যগ্রহণের জন্য সময়ের আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে আগামী ১৯ জুন সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেন।
২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলাটি দায়ের করা হয়। এ মামলায় গত বছর ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
