শ্রীলংকায় শীর্ষ সামরিক কর্মকর্তা আটক

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০১:১২

শ্রীলংকার প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তা রবীন্দ্র উইজেনগুনারাত্নাকে আটক করা হয়েছে। দেশটির গৃহযুদ্ধের সময় ১১ জনকে হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চীফ অব ডিফেন্স স্টাফ উইজেনগুনারাত্নাকে গতকাল বুধবার আটক করা হয়। দুই মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি গতকাল আদালতে হাজির হন। এই সময় বিচারক তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত তিনি আটক থাকবেন। কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট রাঙ্গা ডিসানায়েক অ্যাডমিরাল উইজেনগুনারাত্নাকে জামিন দিতে অস্বীকার করেন। বিচারক বলেন, নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল উইজেনগুনারাত্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি জামিনে থাকলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। গৃহযুদ্ধের সময় ২০০৬-০৮ সালের মধ্যে ১১ যুবককে অপহরণ করা হয়েছিল। তাদের আর খোঁজ পাওয়া যায়নি। তাদের হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের রক্ষায় সহায়তা করেছিলেন উইজেনগুনারাত্না। অপহরণের সময় তিনি নৌবাহিনীর প্রধান ছিলেন। -বিবিসি