পাবনার চাটমোহরে সরকারি খাল (জোলা) দখল করে নিজস্ব ভবন নির্মাণ করছে মথুরাপুর ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
৬০-এর দশকে বিলকুড়ালিয়া ও বিল লাউতিয়ার জলাবদ্ধতা দূর করার জন্য এলাকাবাসী এই খাল কাটেন। গত রবিবার সেখানে গিয়ে দেখা গেছে, বিলকুড়ালিয়া-বিললাউতিয়া সংযোগ খালের মথুরাপুর হাট পয়েন্টে পাকা স্থাপনা নির্মাণ করছে ওই সংগঠনটি। ভবনটি হাটের অংশ থেকে শুরু করে খালের বেশ কিছু অংশ দখল করে নির্মাণ করা হচ্ছে।
একটি সূত্র জানায়, দখল প্রক্রিয়ার সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা জড়িত। এ ব্যাপারে ওই সমিতির সদস্য মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক বলেন, অনেকেই তো ঘর নির্মাণ করছে। আমি চোখের অপারেশনে বাইরে ছিলাম, ওরা কতদূর কী করছে, তা আমি জানি না।
সংগঠনের সভাপতি শাহজাহান আলী প্রথমে লীজ নেয়া হয়েছে বলে দাবি করে বলেন, এটা হাটের জায়গা। অনেকেই এরকম দখল করেছে। তবে এখন কাজ বন্ধ আছে। তিনি আরো বলেন, খাল দখল করা হয়নি, সীমানা নির্ধারণ না করলেও হাটের মধ্যেই আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, আমি এ সংবাদ জানি না। আমি বিষয়টি দেখবো। এলাকাবাসী খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
