স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগ্যান চোট নিয়ে একদিন আগেই প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি কেড়ে নিল আরেকজনকে। এবার চোটের বলি হলেন ডানহাতি পেসার মার্ক উড।
পুরো ক্যারিয়ার জুড়েই চোটের সঙ্গে লড়তে থাকা এই পেসার শনিবার সাউদাম্পটনের ম্যাচটিতে পঞ্চম ওভারের প্রথম বলটি করতে গিয়ে দুই বার রান আপ ছেড়ে দিয়েছিলেন। এরপর এক পর্যায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। চার ওভারের স্পেলে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেটটি পাওয়া এই বোলার বাকি ম্যাচে আর মাঠেই নামেননি।
ইসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সতর্কতামূলক একটি পরীক্ষা করা হবে তার যাতে বিশ্বকাপের শুরু থেকেই খেলা নিয়ে কোনো সংশয় আছে কিনা তা নিশ্চিত হবে ইংল্যান্ডের মেডিক্যাল দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি খেলবে ইয়ন মরগ্যানের দল। এর আগে আজ নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।
