ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান গ্রামে বোমা বানানোর সময় বিস্ফোরণে আমিরুল ইসলাম (২০) নামের এক যুবক আহত হয়েছে। সে ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, সদর উপজেলার নগরবাথান গ্রামে সকাল ৮টার দিকে আমিরুল নিজ বাড়িতে বোমা বানাচ্ছিল। এ সময় একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। বোমার স্প্লিন্টারে টিনের ছাপড়া ঘরের চাল ও দরজা উড়ে যায়। বোমা বিস্ফোরণের আওয়াজে এলাকাবাসি ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় পুলিশ তাকে আটক করেছে।
