জীবননগরে ৪ ডাকাত গ্রেফতার
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর থানা পুলিশ গত বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- দামুড়হুদা উপজেলার বয়রা গ্রামের ডাকাত সর্দার রেজাউল করিম (৩৮), জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের ডাকাত দলের সদস্য সাঈদ হোসেন (৩৫), খয়েরহুদা গ্রামের আসলাম (৪০) ও আলীপুর গ্রামের ইসমাইল হোসেন (৪৬)। জীবননগর থানার ওসি এসএম ইকবাল আহম্মেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
কালীগঞ্জে জামালপুর ইউপির বাজেট ঘোষণা
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের ৬৪ লাখ ৮৫ হাজার ৭০০ টাকার প্রস্তাবিত বাজেট গতকাল বৃহস্পতিবার পরিষদ কার্যালয়ে ঘোষণা করা হয়। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলমের সভাপতিত্বে সচিব অসিত কুমার দাস এ বাজেট ঘোষণা করেন। বাজেটে পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরে ৯৪ হাজার ৩০০ টাকা উদ্বৃত্ত দেখিয়ে মোট আয় ৬৪ লাখ ৮৫ হাজার ৭০০ এবং মোট ব্যয় ৬৩ লাখ ৯১ হাজার ৪০০ টাকা ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোটালীপাড়ায় প্রিপ ট্রাস্টের প্রশিক্ষণ কর্মশালা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসডিসির সহযোগিতায় প্রিপ ট্রাস্টের “অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” প্রকল্পের আয়োজনে নির্বাচিত নারী প্রতিনিধিদের নেতৃত্বের বিকাশ, যোগাযোগ, অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, প্রিপ ট্রাস্টের প্রোগ্রাম অফিসার আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
পূর্বধলায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ মো. মুশফিকুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোখলেছুর রহমান খান ভাসানী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ. রব তাং, মজিবুর রহমান প্রমুখ।
সুজানগরে গাভী পালন প্রশিক্ষণের উদ্বোধন
সুজানগর (পাবনা) সংবাদদাতা\ পাবনার সুজানগর উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে এবং উপজেলা পর্যায়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় উলাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সভা কক্ষে ৭দিন ব্যাপী এক গাভী পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালালউদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজ আহমেদ প্রমুখ।
লালপুরে এমপিকে শিক্ষক সমিতির সংবর্ধনা
লালপুর (নাটোর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেয়া হয়। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, ইউএনও আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. ইসাহাক আলী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোমেন প্রমুখ।
কাঠালিয়ায় এলজিএসপি-২ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট আওতায় ওয়ার্ড কমিটি ও স্কিম সুপারভিশন কমিটির সদস্যগণের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহম্মদ আমির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন. উপজেলা প্রকৌশলী মাহমুদ আল ফারুক, কোর্স কোঅর্ডিনেটর ও ইউআরটির সদস্য অধ্যাপক মোঃ আবদুল হালিম, অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া প্রমুখ।
ডিমলায় উন্মুক্ত বাজেট ঘোষণা
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল বৃহস্পতিবার আগামী অর্থ বছরের জন্য ২ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৭শ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ডিমলা সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সচিব রবিউল ইসলাম, ইউপি সদস্য আবু তালেব, কৃষ্ণ কান্তি সিংহ রায়, রফিকুল ইসলাম, মিনতি রানী প্রমুখ। বাজেটে সর্বোচ্চ আয় ও ব্যয় ধরা হয়েছে ৪০ দিনের কর্মসৃজন কাজের ২টি কিস্তিতে ১ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার টাকা।
বটিয়াঘাটায় আইন-শৃঙ্খলা নিয়ে সভা
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলার ৩ থানায় মাদক সেবীদের বিচরণ, পূর্ববাংলা ও নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্যদের চাঁদা দাবি, দিবালোকে মটর সাইকেল চুরি, শিশু ধর্ষণ, নারী নির্যাতনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রানী গাঙ্গুলী, ওসি মাহাতাব উদ্দিন প্রমুখ।
উজিরপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল
উজিরপুর (বরিশালা) সংবাদদাতা \ উজিরপুরে ছাত্রলীগের নব গঠিত উপজেলা কমিটি ঘোষণা হওয়ায় নেতা কর্মীদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সভা করেছে উপজেলা ছাত্রলীগ। গত বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্টান্ডে বরিশাল জেলা আ’লীগের সভাপতি বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড: তালুকদার মোঃ ইউনুস এবং কেন্দ্রীয় যুুবলীগ নেতা সাদিক আবদুল্ল¬াহ্, বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাদ সম্পাদক আঃ রাজ্জাকসহ উজিরপুর উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মী শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন নব গঠিত উপজেলা ছাত্রলীগ কমিটির সভাপতি অসিম ঘরামী, সাধারণ সম্পাদক জালিস মাহমুদ শাওন, শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি শাকিল মাহমুদ আউয়াল খান, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ প্রচার সম্পাদক মিঠু বেপারী প্রমুখ।
সরাইলে নৌ-ডাকাত বাতেন গ্রেফতার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ সরাইলে এক কুখ্যাত নৌ-ডাকাত বাতেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টায় উপজেলার দেওবাড়িয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ওই দিন রাতে এস আই সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ নদীতে টহল দিচ্ছিল। এ সময় ৫/৬ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ধাওয়া দেয়। ডাকাতরা নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যেতে থাকে। ডাকাত বাতেনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বাতেন চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। বাতেনের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
বাগমারায় সরকারি চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর বাগমারার খাদ্যগুদামে সরকারি ভাবে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাল ক্রয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী অফিসার সাদেকুল ইসলাম, খাদ্য কর্মকর্তা জাকির হোসেন, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা পারভেজ আনোয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা খান, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান টুকু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মাস্টার লুত্ফর রহমান, সম্পাদক জাফর ইকবাল, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
মহেশপুরে এসবিকে ইউপি’র বাজেট ঘোষণা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার মহেশপুর উপজেলার ১নং এসবিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বার্ষিক বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাজেট ঘোষণা করেন এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। ইউনিয়নের বার্ষিক আয় ধরা হয়েছে ৭০ লক্ষ ৩৮ হাজার ৬শ ৯৮ টাকা। ব্যায় ধরা হয়েছে ৬৯ লক্ষ ৩৬ হাজার ৯শ ৪৮ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের মেম্বরগণ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চৌদ্দগ্রামে জামায়াত নেতা গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন জামায়াত সেক্রেটারি কাজী আনোয়ার উল্যাহকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি একই ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল থানার সামনে থেকে তাকে গ্রেফতার করে। চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই সামছুদ্দিন মোঃ ইলিয়াছ জানান, ‘গ্রেফতারকৃত আনোয়ার উল্যাহর বিরুদ্ধে সৈয়দপুর রাস্তার মাথায় আ’লীগ অফিস ভাংচুর মামলা রয়েছে’।
শার্শায় আদিবাসী সন্তানদের শিক্ষা বৃত্তি
বেনাপোল (যশোর) সংবাদদাতা\ শার্শায় নৃতাত্বিক আদিবাসী সন্তানদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় বৃত্তিমূলক শিক্ষা প্রকল্পের অধিনে ১৬০ জন ছাত্র/ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে নৃতাত্ত্বিক আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে গতকাল বৃহস্পতিবার এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ও উপজেলা সমবায় কর্মকর্তা শংঙ্কর চন্দ্র বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।
কাহারোলে ডিজিটাল উদ্ভাবনী মেলা
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা \ কাহারোলে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হচ্ছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল বৃহস্পতিবার থেকে ২ দিন ব্যাপী কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্যেন্দ্র কুমার সরকার। এতে বক্তব্য রাখেন কাহারোল আ. লীগের সভাপতি একেএম ফারুক, কাহারুল শিক্ষা অফিসার আশরাফুল হক।
ময়মনসিংহে নার্সদের বিক্ষোভ মিছিল
ময়মনসিংহ প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সদের ওপর ইন্টার্ন চিকিত্সকদের হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
এসময় হামলাকারী চিকিত্সকদের অবিলম্বে গ্রেফতার দাবি করে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
