ইতিবাচক দিক দেখছেন কোহলি!

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

৯১ রানে ৭ উইকেট নেই। এরপর ১৭৯ রানে অলআউট এবং ৬ উইকেটের হার। এমন ম্যাচ থেকে ইতিবাচক কিছু খুঁজে পাওয়া খুব কঠিন। তারপরও এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বলছেন, ইংল্যান্ডের বিপক্ষে হারা এই ম্যাচে লোয়ার অর্ডারের পাল্টা লড়াই বিশ্বকাপের আগে তাদের বড় প্রাপ্তি।

লন্ডনে আগে ব্যাট করতে নেমে ভারত মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ট্রেন্ট বোল্টের সুইং বোলিংয়ে ৯১ রানে হারিয়ে ফেলে তারা ৭ উইকেট। অধিনায়ক কোহলি নিজে ১৮ রান করে ফিরে আসেন। শেষ দিকে রবীন্দ্র জাদেজা ৫০ বলে ৫৪ রান করে মান বাঁচানোর চেষ্টা করেন। তারপরও ভারত ৩৯.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়। বোল্ট ৩৩ রানে ৪ উইকেট নেন।

জবাবে ৩৭ রানে ২ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬৭ ও রস টেলরের ৭১ রানে সহজ জয় পায় তারা।

এই ম্যাচ নিয়ে আলোচনা করতে গিয়ে কোহলি কুলদীপ যাদবের সঙ্গে জাদেজার জুটির দিকে ইঙ্গিত করেছেন। এই দুজন অষ্টম উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন। এদের কল্যাণে ৪০ ওভার পার করেছে ভারত। ট্রেন্ট বোল্টের ভয়ানক বোলিংয়ে যেটা এক সময় অসম্ভব বলে মনে হচ্ছিল।

এই পাল্টা আক্রমণের প্রশংসা করে কোহলি বলেছেন, ‘খুবই ভালো। আমি বোঝাতে চাচ্ছি, বিশ্বকাপের মতো আসরে এরকম ঘটনা ঘটবে। এরকম টুর্নামেন্টে এমন হবে যে, আপনার টপ অর্ডার খুব বেশি রান করার আগেই ফিরে আসছে। তখন লোয়ার অর্ডারকে এরকম পাল্টা লড়াই করতে হবে। আমি মনে করি, হার্দিক (পান্ডিয়া) ভালো ব্যাট করেছে। এম এস (ধোনি) চাপটা শোষণ করে নিতে পেরেছে। আর জাদেজা বেশ কিছু রানও পেয়েছে। ফলে আমার মনে হয়, এই দিক থেকে বিবেচনা করলে আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু পেয়েছি। এরকম কিছুই আমরা চাচ্ছিলাম। লোয়ার অর্ডারের কিছু রান পাওয়াটা অনেক বড় একটা ইতিবাচক ব্যাপার।’

ভারতের ব্যাটিংয়ের সময় উইকেটকে একেবারেই বোলারদের স্বর্গ বলে মনে হয়েছে। কিন্তু কেন উইলিয়ামসন ও রস টেলরের শত রানের জুটির সময় আবার মনে হয়েছে, ব্যাটিং করার জন্য এই উইকেট খুব ভালো। কোহলি বলছিলেন, উইকেট দ্বিতীয় ইনিংসে আর বোলারদের সেভাবে সহায়তা করেনি। অনেকটা বদলে গিয়েছিল বলে তার দাবি।

 কোহলির দাবি দ্বিতীয় ইনিংসে উইকেটকে ভিন্ন মনে হয়েছে। আর বিশ্বকাপে এরকম আরো হবে বলে তার মনে হয়, ‘টুর্নামেন্টে পরে ব্যাটিং করাটা একেবারে ভিন্ন একটা ব্যাপার হতে পারে। এই ম্যাচে আমরা যেটা দেখলাম, দ্বিতীয় ইনিংসে এসে উইকেট বদলে গেল। আমার মনে হয়, আমরা সঠিক জায়গাতেই বল করেছি। তারা চার বা সাড়ে চার করে ওভারপ্রতি রান তুলছিল। উইকেট ভালো আছে, এরকম ম্যাচে এরকম বোলিং করতে পারলে আমরা সন্তুষ্টই হবো। আমরা ভালো জায়গায় নতুন বলে বল ফেলেছি এবং স্পিনাররাও ভালো জায়গায় বল করেছে। আমার মনে হয়, আমরা যদি টুর্নামেন্টেও এরকম জায়গায় বল ফেলে যেতে পারি, আমাদের বোলিং আক্রমণ তাহলে খুব ভালো হতে চলেছে।’