সংশয় কাটলো কোচের
স্পোর্টস ডেস্ক
বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে জানিয়েছেন আগামী মৌসুমেও ক্লাবের দায়িত্বে থাকবেন কোচ নিকো কোভাচ। যদিও নিজের প্রথম মৌসুমে শেষটা ভাল কাটলেও কোভাচের কোচিং নিয়ে বিতর্ক ছিল।
এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগাম বিদায় নেয় বায়ার্ন। সঙ্গত কারণেই ক্রোয়েশীয় এই কোচের ভাগ্য নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু বুন্দেশলিগা জয়ের পর গত রবিবার জার্মান কাপের ট্রফিও তুলে নেয় কোচ কোভাচের দল। তারপরই এলো রুমেনিগের এই অভয়বাণী।
রুমেনিগে বলেন, ‘কেউ কোভাচকে নিয়ে প্রশ্ন তোলেনি। সে আগামী মৌসুমেও আমাদের কোচ থাকবে। বাস্তবতা হলো বায়ার্নের দায়িত্বে প্রথম বছরেই সে জার্মানির চ্যাম্পিয়ন হয়েছে। এটাও একটা সাফল্য। সে তরুণ ও তুলনামূলক বিচারে অনভিজ্ঞ কোচ। তাকে নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি।’
রবার্তো লেভানডোভস্কির জোড়া গোলে বায়ার্ন বার্লিনে গত শনিবার রাতে ৩-০ গোলে লিপজিগকে হারিয়ে জার্মান কাপটি জিতে নেয়। এর সুবাদে ঘরোয়া দুটি শিরোপা জয়ের মধ্য দিয়ে মৌসুমটি শেষ হলো বায়ার্নের। অপর গোলটি করেন কিংসলে কোমান। পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি এ নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ৪০ গোল করলেন।
তার সাফল্যের দিনে দুই মৌসুম পর জার্মান জায়ান্টরা ‘ডাবল’ জিতলো। সব মিলিয়ে টুর্নামেন্টটিতে রেকর্ড ১৯তম শিরোপা জয় বায়ার্ন মিউনিখের। খেলা শেষে দলের এমন ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেন কোচ।
তিনি বলেন, ‘বায়ার্নে কেউ মৌসুম শুরু করেই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। আমরা অনেক পিছিয়ে ছিলাম। কিন্তু দলটি পরবর্তীতে অসাধারণ নৈপুণ্য দেখায়। আমি আশাবাদী মানুষ, স্বপ্নচারী নই।
আমাদের মৌসুমের শুরুর দিকে দরকার ছিল স্থিরতার এবং আমরা সেটা করি। আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। এটাই হলো এই দলের শক্তি, এই ক্লাবেরও।’
