স্পোর্টস রিপোর্টার
মালদ্বীপের ঘরোয়া ফুটবলে খেলেছিলেন সাবিনা খাতুন, মিরোনা, সাবিনা আক্তাররা। মালদ্বীপের শহরে মালদ্বীপের ক্লাব হ্যান্ডবল দল লাম্বাডা দলে খেলবেন বাংলাদেশের সুমি বেগম। আগামী শনিবার মালদ্বীপ রওয়ানা হওয়ার কথা রয়েছে জাতীয় মহিলা হ্যান্ডবল দলের এই খেলোয়াড়ের। সুমি এর আগে ২০১৭ সালে ও মালদ্বীপের ক্লাব হিব্রো উইমেন্স হ্যান্ডবলে ড. আব্দুস সামাদ মেমোরিয়াল হসপিটাল হ্যান্ডবল দলের জার্সিয়ে গায়ে খেলেছিলেন। এবার এই দলটি খেলছে না। ক্লাব কমে গিয়ে আটের বদলে হয়েছে ৫টি ক্লাব। সুমি খেলবেন নতুন দলে। লাম্বাডা ক্লাবের খেলা ৪ জুন শুরু হওয়ার কথা রয়েছে। সুমি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার কাছে খেলাটাই বড় কথা। এখানে পারিশ্রমিকটাই বড় নয়। তার মতে পারিশ্রমিকটা গুরুত্ব দেওয়া হলে খেলাটা হয়ত হাত ছাড়া হয়ে যেতো। সুমি বলেছেন, ‘আমি আসলে পারিশ্রমিক নিয়ে আলোচনা করিনি।’ পুরনো প্রসঙ্গ টেনে সুমি সংবাদ মাধ্যমকে বলেন, ‘দুই বছর আগে আমার সঙ্গে ওই ক্লাবের কথা হয়েছিল সব তারা করবে এবং নগদ ৫০০ মার্কিন ডলার দেবে; কিন্তু খেলা শেষে আমি আরো বেশি পারিশ্রমিক পেয়েছিলাম।’ ২০১৭ সালে প্রথমবার মালদ্বীপের ঘরোয়া হ্যান্ডবলে সুমির পারফরম্যান্স আলোচনায় নিয়ে আসে। ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। তার দলও চ্যাম্পিয়ন হয়েছিল।
