‘এবার ভারতকে হারাবে পাকিস্তান’

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৩৫

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ছয়বার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হলেও একবারও জিততে পারেনি পাকিস্তান। দলটির সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম উল হকের বিশ্বাস এবার সে বাধা পার করতে পারবে তার দল।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটকে তিনি বলেন, ‘লোকেরা ভারত-পাকিস্তান দ্বৈরথকে একটু বেশিই গুরুত্ব দিয়ে দেখে। কেউ কেউ তো এটাও মনে মনে পুষে রাখেন যে ‘ভারতকে হারিয়ে যদি আর একটা ম্যাচও না জিতি তাতেও চলবে আমাদের।’

টুর্নামেন্টে এবারের হট ফেভারিট ভারত। ইনজামাম মনে করেন এবার ভারতকে হারাতে পারবে তার দল। তিনি বলেন, ‘আমি আশাবাদী যে আমরা বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারবো।’

কেবল ভারতই নয়, টুর্নামেন্টের প্রতিটি দলকেই হারানোর ক্ষমতা পাকিস্তানের আছে বলে মনে করেন তিনি। ইনজামাম বলেন, ‘সব দলকেই হারানোর সক্ষমতা আছে পাকিস্তানের।’

তবে ইনজামাম যাই বলুন, সাম্প্রতিক ফর্ম কথা বলছে পাকিস্তানের বিপক্ষেই। টানা ১০টি ওয়ানডে হেরে প্রতিযোগিতায় আসা সরফরাজ আহমেদরা প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের বিপক্ষেও। গতকাল নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবার কথা থাকলেও বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচটি।

পাকিস্তান ৩১ মে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে।