আশাবাদী সুয়ারেজ, হুমকিতে ডুমেট

আপডেট : ২৩ মে ২০১৪, ২১:৪৯
লুইজ সুয়ারেজের বিশ্বাস, তিনি বিশ্বকাপ খেলতে পারবেন। সুয়ারেজ গতকাল টুইটারে লেখেন, ‘আমার অবস্থা বেশ ভাল এবং আমি অংশ নিতে প্রস্তুত। সবাইকে ধন্যবাদ। শান্ত থাকুন, আমি এটা করবোই।’ গত বৃহস্পতিবার ইনজুরির কারণে সুয়ারেজের হাঁটুতে অস্ত্রোপচারের পর উরুগুয়ে ফুটবল এসোসিয়েশন তার বিশ্বকাপ অংশগ্রহণ ‘বাতিল হয়ে যায়নি’ বলে বিবৃতি দেয়ার কারণে লিভারপুল স্ট্রাইকারটি মানসিকভাবেও চাঙ্গা আছেন। কিন্তু যার সাথে সংঘর্ষের কারণে তার এই ইনজুরি সেই নিউক্যাসল ডিফেন্ডার পল ডুমেটকে অনলাইনে হত্যার হুমকি দিচ্ছে উরুগুয়ের ফুটবল ভক্তরা। বিশ্বকাপের আগে সুয়ারেজের ইনজুরিটির জন্য ডুমেটকে দায়ী করছেন তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ দিনে ১১ মে নিউক্যাসলের বিপক্ষে খেলার সময় আঘাত পান লিভারপুলের ২৭ বছর বয়সী স্ট্রাইকারটি। সুয়ারেজের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর মাঠ থেকে বের করে দেয়া হয়েছিল ডুমেটকে। পরবর্তীতে দেখা গেছে, ইচ্ছাকৃতভাবে তিনি সুয়ারেজকে আঘাত দেননি। তাই লাল কার্ডটি প্রত্যাহার করে নেয়া হয়। এরপরও ২২ বছর বয়সী ফুল ব্যাক ডুমেটকে দায়ী করে টুইটারের মাধ্যমে হত্যার হুমকিসহ বিষোদ্গার করছে উরুগুয়ের কিছু ফুটবল ভক্ত। উরুগুয়ের ফুটবল কর্তারা আশা করছেন, কোস্টারিকার বিরুদ্ধে ১৫ জুন উরুগুয়ের প্রথম ম্যাচের আগেই সুয়ারেজ সুস্থ হয়ে উঠবেন। ১৫ জুন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে উরুগুয়ে। -বাসস/এএফপি