কুড়িগ্রামে ১৬ বীরাঙ্গনাকে আর্থিক সহায়তা প্রদান

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:০৭
কুড়িগ্রামের ১৬ জন বীরাঙ্গনাকে স্বীকৃতি স্বরূপ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জনতা ব্যাংকের নারী মুক্তিযোদ্ধা সহায়তা প্রকল্পের আওতায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা সহায়তা হিসেবে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বীরাঙ্গনাদের হাতে সহায়তার চেক তুলে দেয়া হয়। সহায়তাপ্রাপ্ত বীরাঙ্গনারা হলেন- মেহের জান, খোতেজা বেগম, হাজেরা বেগম, বছিরন বেগম, তরুবালা রায়, আয়শা বেগম, খুকি বেগম, আছমা বেগম, ময়না বেগম, গেন্দি বেওয়া, আবিরন বিবি, দেলো বেওয়া, সুরুজ্জন বেওয়া, রহিমা খাতুন এবং মৃত রাহেনা খাতুন ও মৃত মমেনা খাতুনের ওয়ারিশগণ। জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মসীয়ুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ। অন্যান্যের মধ্যে ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, ব্যাংকের পরিচালক সৈয়দ বজলুল করিম ও মোঃ আবু নাসের।