গুলি ও বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গেলেন আওয়ামী লীগ নেতা

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:০৮
অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অভয়নগর উপজেলা আওয়মী লীগের প্রচার সম্পাদক আব্দুল মান্নান মোল্যা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শংকরপাশা গ্রামে তার নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। গুলি ও বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। মান্নান মোল্যা জানান- গত বৃহস্পতিবার রাত ১২ টার সময় প্রচণ্ড গরমের কারণে তিনি ঘরের বাইরে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি বিস্ফোরিত হয়নি। এরপরই তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে তার পরিবার চরম আতংকে রয়েছেন। এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ খবির আহম্মেদ জানান- “ওই রাতেই ঘটনাস্থল থেকে বোমা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।”