ইজিবাইক চালক ও শ্রমিক সংঘর্ষে নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক বন্ধ

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:০৯
নেত্রকোনা জেলার বিভিন্ন সড়কে সিএনজি ও ইজিবাইকে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ইজিবাইক চালক ও শ্রমিকদের সংঘর্ষে নেত্রকোনা- ময়মনসিংহ সড়কসহ বিভিন্ন সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছে। গুরুতর আহত সুবল, রহিম উদ্দিন, জাফর, আঞ্জুল হক, আল আমীন, রেনু মিয়া, ওমর ফারুক, রুবেল মিয়া, মোজাম্মেল হক, আনু মিয়া ও রাসেলকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সম্পাদক শেখ বিল্লাল হোসেন বলেন, পুলিশের সামনেই বাস মালিক ও শ্রমিকরা আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে। এতে প্রায় ১৬টি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৫জন চালক আহত হয়েছে। জেলা ব্যাটারী চালিত অটো রিকশা শ্রমিক লীগের সম্পাদক মো. সোলায়মান মিয়া বলেন, আমাদের ৩০টি গাড়ি ভাংচুর এবং বেশ কিছু চালককে মারপিট করেছে বাস শ্রমিকরা। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম কাউসার আহমেদ জানান, যাত্রী পরিবহনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক, সিএনজি ও ইজি বাইক চালকদের মধ্যে বিরোধের জের ধরে বেশ কিছু গাড়ি ভাংচুর হয়েছে। জেলার বিভিন্ন সড়কে দুপুরের পর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।