উখিয়ায় কর্মসৃজনের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না ২০ দিন

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:১০
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা উখিয়ায় চলমান ৪০ দিনের হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের ৩০৮ জন উপকারভোগী শ্রমিক প্রায় ২০ দিন ধরে মজুরি পাচ্ছে না। ফলে এসব পরিবারে চলছে মারাত্মক অর্থনৈতিক সংকট। পিআই বলছেন, এসব দায়-দায়িত্ব নির্বাহী কর্মকর্তার। তাছাড়া প্রকল্প সংশ্লিষ্টরা কাজের বিল প্রদান করেনি। এ নিয়ে চলছে শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ। বৃহস্পতিবার রাজাপালং একেসি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাশখোলা ছরা সংস্কার কাজ ঘুরে দেখা যায়, প্রায় ৮০ জন পুরুষ ও মহিলা শ্রমিক প্রখর রোদে কাজ করছে। সবার চোখেমুখে হতাশার ছাপ। মহিলা শ্রমিক অমিতা বালা বড়ুয়া (৪৫) জানান, ২০ দিন ধরে মজুরি না পাওয়ায় তাদেরকে ছেলেমেয়ে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করতে হচ্ছে। প্রকল্প সভাপতি ইউপি সদস্য কামরুন নেছা জানান, মজুরি না পাওয়ার কারণে শ্রমিকরা কাজে আসতে চাইছে না। গত ৩ মে থেকে উখিয়ার ৫ ইউনিয়নে একযোগে কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু হয়। ৩৭টি প্রকল্পের বিপরীতে প্রায় ৩০০৮ জন শ্রমিক গত ২০ দিন ধরে কাজ করে আসলেও তারা এ পর্যন্ত মজুরি পায়নি। কর্মসংস্থান কর্মসূচির নীতিমালা অনুযায়ী ৭ দিন অন্তর অন্তর শ্রমিকদের মজুরি পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও এ উপজেলায় ২০ দিন ধরে কেন বেতন-ভাতা দেয়া হচ্ছে না তা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উখিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফুল ইসলাম শাকিব জানান, এ সপ্তাহের মধ্যে বিল পরিশোধের উদ্যোগ নেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম জানান, কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়ম চলছে। তাই দেখেশুনে বিল ছাড়তে হবে।