বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় পাঁচজন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
কেশবপুরে ছাত্র নিহত
যশোরের কেশবপুরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত্ বিশ্বাস মোড়ে গতকাল শুক্রবার দুপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাকিবুল হাসান (৮) নামে এক স্কুল ছাত্র নিহত ও বাবা-মা দুইজন আহত হয়েছেন। আহত বাবা আবুল বাশার (৩২) ও মা নাজমা বেগমকে (২৫) কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেহেরপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে হিটস্ট্রোকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুলাল হোসেন (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি কাজ করার সময় নিজ বাড়িতে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। মেহেরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
গাইবান্ধায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ মন্দুয়ার গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল শুক্রবার সকালে নদীর পানিতে ডুবে মমিনুল ইসলাম মোমিন (৮) নামে এক শিশু মারা গেছে। নিহত মোমিন সদর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের পুত্র।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মামলা হয়েছে।
চাঁদপুর নদী থেকে লাশ উদ্ধার
চাঁদপুর নৌ-টার্মিনাল এলাকার ডাকাতিয়া নদী থেকে গতকাল শুক্রবার সকালে মো. কামরুল হাসান জামাল (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মডেল থানার উপ-পরিদর্শক হামিদুল হক জানান, ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সাহেবগঞ্জ এলাকায় মাদক বিক্রিতে বাধা দিলে ইউপি মেম্বার ফিরোজকে জামাল, কামাল ও নূরুল আমিনসহ বেশ কয়েকজন মারধর করে। এ মামলার ১ নম্বর আসামি জামাল। গত বৃহস্পতিবার রাতে ঢাকা পালিয়ে যাওয়ার সময় নৌ-টার্মিনাল এলাকায় মামলার পক্ষের লোকজনের সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সে পানিতে পড়ে। সকালে তার লাশ নদীতে ভাসতে দেখা যায়।
বান্দরবানে হাতির আক্রমণে নারী নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে গত বৃহস্পতিবার গভীর রাতে সাহারা খাতুন (২৩) নামে এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, নিহতের শিশু পুত্র রিফাত ও পিতা নূরুল বশর। আহতদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য আব্দুর রহিম জানান, ৬/৭টি বন্য হাতির পাল বৃহস্পতিবার রাতে উপজেলার থুমব্রুপাড়ায় নূরুল বশরের বাড়িতে হানা দিয়ে মাটির গুদাম ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে দেয়। এ সময় ঘরের মাটি চাপায় স্ত্রী সাহারা খাতুন মারা যান।
