কক্সবাজারে ডাকাতের গুলিতে দোকানদার নিহত

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:১১
কক্সবাজার শহরের কলাতলীতে ডাকাতের গুলিতে আবুল মনসুর (৫০) নামের এক চা দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরো ১০ জন। শুক্রবার ভোর রাত ৩টার দিকে কলাতলীর ঝরঝরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী স্থানীয় মৃত মনছুর আহমদের ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে কবির (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার একদল সশস্ত্র ডাকাত শহরের কলাতলীস্থ ঝরঝরিপাড়ায় একের পর এক বসতবাড়িতে লুটপাট শুরু করে। দুটি বাড়ি ডাকাতির পর মাহবুবুর রহমানের বাড়ি ডাকাতি করে চলে যাওয়ার সময় তার পরিবারের লোকজন ডাকাত বলে চিত্কার দিলে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে স্থানীয় বাসিন্দা আবুল মনসুর (৫০) ঘটনাস্থলে নিহত এবং মাহবুবুর রহমান (২৮), তার স্ত্রী আসমাউল হোসনা (২২), জয়নাল, কামালসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। কক্সবাজার সদর মডেল থানার এসআই সাহেদ জানান, কলাতলীতে খুনসহ ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে কবির (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।