সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:১২
ব্রাহ্মণবাড়িয়ায় ধান চাল সংগ্রহ অভিযান শুরু ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ধান চাল সংগ্রহ অভিযান গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। তিনি বলেন,বর্তমান সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিদেশে ও খাদ্য শস্য রফতানি হচ্ছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রমুখ। চলতি মওসুমে সরাইল উপজেলায় ৩ হাজার ৯৫২ টন চাল ও ৪৬১ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমতলীতে ভুট্টা কর্তন বিষয়ক আলোচনা সভা আমতলী (বরগুনা) সংবাদদাতা \ বরগুনায় ব্র্যাকের কৃষি ও খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় হেউলবুনিয়া গ্রামে ভুট্টার ফসল কর্তন উপলক্ষে গতকাল শুক্রবার আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। কৃষক মোঃ রাজ্জাকের জমিতে কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, ব্র্যাকের সিনিয়র এগ্রোনোমিস্ট মোঃ জহিরুল ইসলাম, ব্র্যাক বরগুনা সদরের সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল কবির, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান ও সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ লাকসুন্নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক এবং ব্লকের বাইরের আমন্ত্রিত কৃষক-কৃষাণীরা। রামুতে কেন্দ্রিয় বিহার পরিদর্শনে দুই মন্ত্রি রামু (কক্সবাজার) সংবাদদাতা \ বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস। কামাল বলেন পুরাকীর্তি সমৃদ্ধ এলাকা রামুসহ কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বর্তমান সরকার উন্নয়নের মাস্টারপ্লান ঘোষণা করেছে। গতকাল শুক্রবার কক্সবাজার রামুর অন্যতম পর্যটন কেন্দ্র উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শনকালে তারা এ কথা বলেন। প্রথমে তাঁরা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে ১০০ ফুট সিংহ শয্যা বিশিষ্ট গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শনে আসলে পরিচালক ও বিহার অধ্যক্ষ করুণাশ্রী থের তাদেরকে স্বাগত জানান। কেশবপুরে দুই চাঁদাবাজ আটক পুলিশ আহত কেশবপুর (যশোর) সংবাদদাতা \ যশোরের কেশবপুরে চাঁদার টাকা আদায়কালে পুলিশ দুই চাঁদাবাজ নাজমুল ইসলাম (২৫) ও সোহাগ গাজীকে (২৪) আটক করেছে। এ সময় কেশবপুর থানার এস আই আসাদুল ইসলাম শাকিল গুরুতর আহত হয়েছেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, মাছের ঘের ব্যবসায়ী নাজিমউদ্দিনের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলো চাঁদাবাজরা। বৃহস্পতিবার রাতে ৮/১০ জনের একদল চাঁদাবাজ গড়ভাঙ্গা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চাঁদার টাকা আনতে গেলে পূর্ব থেকে ওত্ পেতে থাকা পুলিশ তাদের আটক করার চেষ্টা চালালে চাঁদাবাজরা পুলিশের উপর হামলা করে। এ সময় পুলিশ দুই চাঁদাবাজকে আটক করতে পারলে অন্যরা পালিয়ে যায়। কলমাকান্দায় আদিবাসীদের মধ্যে অনুদানের চেক বিতরণ কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার কলমাকান্দা উপজেলা সমাজসেবা কার্যালয়ে গতকাল নৃতাত্ত্বিক আদিবাসীদের মধ্যে দারিদ্র্য বিমোচনে সহায়তা বাবদ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে নেত্রকোনা জেলার উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ১০জন আদিবাসী মহিলাকে সহায়তা বাবদ প্রতিজনকে ৫হাজার টাকার চেক প্রদান করেন প্রধান অতিথি কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ । ঘাটাইলে ‘আমরা একুশ’ সমিতির বার্ষিক সাধারণ সভা ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ একটি অরাজনৈতিক সংগঠন ‘ আমরা একুশ’ সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আঃ বাছেত মিয়া। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক এস.এম আব্দুল লতিফ। বক্তব্য রাখেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ লুত্ফর রহমান তালুকদার ও কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার। ডুমুরিয়ায় হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ডুমুরিয়ার চুকনগরে জনতা ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতি মা বুলু রানী দাস (৩৫) মৃত্যুতে মালিক ও কথিত ডাক্তারদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল শুক্রবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে দলিত সম্প্রদায়ের পক্ষ থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ দলিত নেটওয়ার্কের আয়োজনে ও ধ্রুব গাঙচিল লেখক পরিষদ, অন্ত্যজ পরিষদ, ভূমিজ ফাউন্ডেশনের সহযোগিতায় মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলিত সম্প্রদায়ে শতাধিক নারী,পুরুষ,শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তব্য দেন ধ্রুব সংস্থার পরিচালক উত্তম দাস, ভূমিজের আব্দুল্লাহেল বাকী ও সুকুমার দাস। রায়গঞ্জে নদী দূষণের প্রতিবাদে মানববন্ধন রায়গঞ্জ (সিরাজগঞ্জ) ও শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ সিরাজগঞ্জ ও বগুড়া জেলার ফুলজোড় নদীতে বাঙ্গালী কারখানার বিষাক্ত বর্জ্য ফেলে দূষিত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রায়গঞ্জের পরিবেশবাদী সংগঠন মুক্তজীবনের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১১টায় শেরপুরের চোমর পাথালিয়া গ্রামের বর্জ্য ফেলার পয়েন্টে মানববন্ধন কর্মসূচিতে এলাকার শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবীর শত শত জনতা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তজীবনের সভাপতি আব্দুর রাজ্জাক নাছিম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শেরপুর কারিগরি কলেজের অধ্যক্ষ এস এম বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, সমাজসেবক আব্দুল লতিফ ভূঁইয়া, মত্স্যজীবী প্রতিনিধি নিতাই হালদার, ফনী হালদার প্রমুখ। উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করার অপরাধে মজুমদার প্রডাক্টস লিমিটেডকে ৪০ লাখ টাকা জরিমানা করেন। মিরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের সম্মেলন মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মিরসরাই শ্রী শ্রী জগদ্বীশ্বরী কালী বাড়ি কমপ্লেক্স সম্মেলনের উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন কান্তি দত্ত। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে বক্তব্য দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান। সাদুল্লাপুরে সংসদ সদস্যকে সংবর্ধনা গাইবান্ধা প্রতিনিধি \ সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের আয়োজনে গাইবান্ধার সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের জাতীয় সংসদ সদস্য ডা: ইউনুস আলী সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শাম্স-উল-আলম হিরু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, মোজাহারুল ইসলাম, শাহারিয়া খাঁন বিপ্লব, তাজুল ইসলাম, শাহ মো: ফজলুল হক, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাজেদুল ইসলাম, মোনতেজার রহমান প্রমুখ। ছাগলনাইয়ায় জামায়াতের শিক্ষা কর্মশালা ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার অগ্রসর কর্মীদের এক শিক্ষা কর্মশালা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন ফারুকীর সভাপতিত্বে এবং এ্যাসিস্টেন্ট সেক্রেটারী অধ্যাপক আবদুল মতিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক আহাম্মদ। দৌলতপুরে ফেনসিডিল পাচারকারীদের লক্ষ্য করে গুলি দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা আখ সেন্টার সংলগ্ন এলাকায় ফেনসিডিল পাচারকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা আখ সেন্টার সংলগ্ন এলাকা দিয়ে ৮/১০ জন মাদক পাচারকারী ফেনসিডিল পাচার করছে খবর পেয়ে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে একটি বোমা ছুঁড়ে মারে। পুলিশও এক রাউন্ড গুলি চালায়। এ সময় চোরাচালানীরা তাদের কাছে থাকা বস্তাভর্তি ৫শ’ বোতল ফেনসিডিল ফেলে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, ফেনসিডিল পাচারকারীদের মধ্যে আতংক সৃষ্টির জন্য এক রাউন্ড শর্টগানের গুলি চালানো হয়েছে। সিরাজগঞ্জে গুণীজন সম্মাননা পদক প্রদান সিরাজগঞ্জ প্রতিনিধি \ উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক পত্রিকার ২৪ পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ ও গুণীজন সম্মাননা পদক প্রদান করা হয়। গতকাল শুক্রবার সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দৈনিক কলম সৈনিকের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) তন্ময় দাস, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, দৈনিক ইত্তেফাকের সিরাজগঞ্জ প্রতিনিধি ফজল-এ-খোদা লিটন, দৈনিক ইনকিলাবের সিরাজগঞ্জ প্রতিনিধি সৈয়দ শামীম শিরাজী প্রমুখ। সিরাজগঞ্জ জেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল, অধ্যক্ষ আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান আকন্দ, অধ্যাপক মোঃ আলী আশরাফ, অধ্যাপিকা মোছাঃ খাদিজা পারভীন, অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনসহ প্রমুখকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। মহেশপুরে বিভিন্ন মামলায় ৫ জন গ্রেফতার মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ মহেশপুর থানা পুলিশ শুক্রবার বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে। অসামাজিক কাজের অভিযোগে উপজেলার বড়বাড়ি গ্রাম থেকে জয়নাল আবেদিনের ছেলে ইমদাদুল হক, মান্দারতলা গ্রামের শমসের আলীর ছেলে আরিফুল ইসলাম, সাড়াতলা গ্রামের আমিনুর রহমানের মেয়ে সোনিয়া আক্তারকে এবং মাদক মামলায় চৌগাছা উপজেলা মাঙ্গীর পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মানিক রতন ও মহেশপুর উপজেলা বিদ্যাধার পুর গ্রামের হায়দার আলীর ছেলে ফিরোজ আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। কলারোয়া সীমান্তে থ্রিপিচ ও মোটরবাইকসহ যুবক আটক কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা \ কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় থ্রিপিচ ও মোটর সাইকেলসহ ১ ব্যক্তিকে আটক করেছে। এছাড়া বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হয়েছে ফেনসিডিল, মদ ও অ্যানাগ্রা ট্যাবলেট। উপজেলার কাকডাঙ্গা বিওপি’র সুবেদার শেখ ফয়েজ উদ্দিন হাসান জানান, তার নেতৃত্বে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী কেঁড়াগাছি প্রাইমারি স্কুলের সামনে থেকে মোটরসাইকেলধারী এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশিকালে ৫০ পিচ থ্রিপিচ উদ্ধার করেন। জীবননগর ফিলিং স্টেশনে ডাকাতি জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ বৃহস্পতিবার রাতে জীবননগর শহরের কালীগঞ্জ সড়কে বিজিবি চেকপোষ্টে জীবননগর ফিলিং ষ্টেশনে ডাকাতি হয়েছে। ফিলিং ষ্টেশনের ম্যানেজার আব্দুল জলিল জানান, ঘটনার ৫ মিনিট পূর্বে জীবননগর থানা পুলিশের টহলদল একটি পিকআপ নিয়ে ফিলিং ষ্টেশনে আসে। এসময় ডাকাতরা ফিলিং ষ্টেশনের নৈশপ্রহরী শাহাদত্ হোসেন ও ফিলিংম্যান জাহাঙ্গীর আলমকে মারপিট করে এবং তাদের কাছে থাকা মোবাইল সেট ও টাকা ছিনিয়ে নেয়। পুলিশের পিকআপ ড্রাইভারকেও জিম্মি করে। পরে তারা ফিলিং ষ্টেশন ম্যানেজারের রুমের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ক্যাশ হতে ২ লক্ষ ৪৯ হাজার ৪৫৬ টাকা লুট করে। জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি ক্যাম্প হতে বিজিবি সদস্যরা ডাকাতি প্রতিরোধে আসে। ডাকাতদল এসময় পুলিশের উদ্দেশ্যে শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ফিলিং ষ্টেশনের পিছনের মাঠ হয়ে বাঁকা গ্রামের দিকে পালিয়ে যায়। কাঠালিয়ায় তিন গাঁজা সেবনকারী গ্রেফতার কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় আমুয়া বন্দরে তরিকুল ইসলাম আসিক (২১), জয়খালী গ্রামের শওকত হোসেন রিমন (২০) ও সোহেল (১৯) নামের তিন গাঁজা সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার এসআই মোঃ আবদুস সালাম ও এসআই মোঃ বাদল ফকিরের নেতৃেত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাঠালিয়া ইউনিয়নের বটতলা বাজার এলাকা থেকে গাঁজা সেবন অবস্থায় এ তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ কাঠালিয়া থানার ওসি শেখ মনীর উল গিয়াস জানান, গ্রেফতারকৃতদের কোর্টে চালান করা হয়েছে। মেহেরপুরে আম ব্যবসায়ীকে কুপিয়ে জখম মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুর-মহাজনপুর সড়কে সদর উপজেলার নূরপুর গ্রামের কাছে এক আম ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারী। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মারাত্মক জখম আম ব্যবসায়ী হায়দার আলীকে (৩০) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ওই রাতেই তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আম ব্যবসায়ী হায়দার আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বিল কোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। রায়পুরে সালিশী বৈঠকে হামলা আহত ৪ রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রায়পুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামে সালিশী বৈঠকে দুই পক্ষের মধ্যে বিরোধ ও মারপিট হলে ৪ জন আহত হয়েছে। আহত জুয়েলকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার থানায় এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে। কলাকোপা গ্রামের শেকান্তর চৌধুরী ও পিন্টু গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ মেটাতে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন ব্যক্তি ওই দু’পরিবারকে নিয়ে সালিশী বৈঠকে বসেন। রায়পুর থানার উপ-পরিদর্শক আবুল বাসার জানান, শেকান্তর চৌধুরীর পরিবার হামলা ও ভাংচুরের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ফুলবাড়িতে চোরাচালানী পণ্যসহ গ্রেফতার ১ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের সদস্যরা গত এক সপ্তাহে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ ৬১ হাজার ১৪০ টাকার চোরাচালানী পণ্য আটক করেছে। একই সাথে আবু তাহের (৩০) নামের এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। ধৃত আবু তাহের ফুলবাড়ি উপজেলার গনিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।