তাপ ও খরায় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের অধীন জমির রোপণকৃত চারা আখ মরে যাচ্ছে। চাষিরা রাত-দিন সেচ দিয়েও আখ টিকিয়ে রাখতে পারছেন না।
চাষি ও কৃষি অফিসসূত্রে জানা যায়, এবার চিনিকল জোন এলাকায় ৯,০২৫ একর জমিতে আখ রোপণ করা হয়েছে। এর মধ্যে মুড়িসহ নতুন জাতের আখই রয়েছে বেশি। সে হিসাবে রোপণের প্রথম থেকেই চাষিরা ও চিনিকলের খামার এলাকাগুলোতে আখের উত্পাদন বৃদ্ধির জন্যে সময়মত সার, সেচ ও পরিচর্যা করা হয়েছিল। কিন্তু এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে মধ্য মে মাস পর্যন্ত আশানুরূপ বৃষ্টি না হওয়ায় আখের যেমন মাজরা পোকার আক্রমণ হয়েছে তেমনি প্রচণ্ড তাপ ও খরায় একের পর এক জমির আখ শুকিয়ে যাচ্ছে।
কেরুজ চিনিকলের কৃষি অফিসসূত্রে জানা যায়, গত বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিভিন্ন সময়ে ১৬ দশমিক ২৬ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। কিন্তু এ বছর সে তুলনায় জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মাত্র দশমিক ২২ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চিনিকলের কৃষি অফিসের মাঠকর্মীরা চিনিকল জোন এলাকার চাষিদের মধ্যে আখে সেচ দেয়ার পরামর্শ দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের প্রধান অর্থকরি ফসল আখ বাঁচাতে সেচের বিকল্প নেই। এলাকার কৃষি ফার্মগুলোতেও আখচাষিরা নিজের নিজের ব্যবস্থাপনায় সেচকার্য চালিয়ে যাচ্ছে।
