চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। গত ২০ দিনে মহানগরীসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। যানবাহনের বেপরোয়া চলাচল, আনাড়ি চালক দিয়ে গণপরিবহন চালনা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা, ফুটপাত ছাড়া সড়ক দিয়ে পথচারীদের চলাচল, ট্রাফিক নিয়ম লঙ্ঘন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামানোকেই পর্যবেক্ষক মহল এসব মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী করেছেন।
মহানগরীসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা এবং মর্মান্তিক প্রাণহানি এড়াতে সরকার, জনগণ ও যানবাহন চালক সবার সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন নিরাপদ সড়ক চাই-এর সহ-সভাপতি সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, শুধু চালকই নন, পথচারীদেরও মোবাইল ফোন কানে লাগিয়ে রাস্তায় চলাচলের অভ্যাস বন্ধ করতে হবে। তার মতে সড়কে চলাচলকারী যানবাহনের ফিটনেস এবং সেগুলোর চালকদের স্বাস্থ্যগত ফিটনেস নেই বললেই চলে। ফলে অসুস্থ চালকের পক্ষে রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হয় না।
