মদনে বয়রাহলা নদীতে পাকা সেতু নির্মাণের দাবি

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৫১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা সদরের সাথে হাওর উপজেলা মদন এবং খারিয়াজুরী উপজেলায় যেতে হলে মদন উপজেলার প্রবেশমুখে বয়রাহলা নদীর উপর ২৫ বছর আগে নির্মিত বেইলি সেতুটি  এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় এলাকাবাসী প্রশস্ত পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছে। স্থানীয়দের অভিযোগ, একদিক থেকে বেইলি সেতুতে বড় ট্রাক বা বাস উঠলে অপরদিক থেকে অন্য কোনো যান আসতে পারে না। কেবল ছোট ছোট যানবাহন দু’দিক থেকে চলতে পারে। অপ্রশস্ত সেতুর কারণে বিভিন্ন সময়ে সেতুর উপর যানবাহনের সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটছে। এজন্য এলাকাবাসী, ব্যবসায়ী, বাসযাত্রীরা বেইলি সেতুর পরিবর্তে জরুরিভাবে পাকা এবং প্রশস্ত সেতু নির্মাণের জোর দাবি জানান।

মদন  উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, বয়রাহলা বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে। এদিকে সড়কও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হলে এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থার সুযোগ থাকলেই কেবল নতুন পাকা সেতু নির্মাণ সম্ভব।