পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জোড়া বোমা হামলায় একজন নিরাপত্তারক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছেন। বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযানের মধ্যেই দেশটির রাজধানীতে এ বোমা হামলা চালানো হল। শনিবার দিনের প্রথমদিকে বিস্ফোরিত বোমা দুটির শব্দে রাজধানী শহরটি প্রকম্পিত হয়ে ওঠে। ভোররাত দু’টার দিকে ইসলামাবাদের কেন্দ্রস্থলের একটি অভিজাত বিপণী বিতানের সামনে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এর আধঘন্টা পর শহরের অন্য প্রান্তে একটি গাড়ির মধ্যে পেতে রাখা দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
এ বিষয়ে ইসলামাবাদ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, “একজন নিরাপত্তারক্ষী হাসপাতালে মারা গেছেন। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে আনার পর তিনি মারা যান। আহত দ্বিতীয় রক্ষীকে চিকিত্সা দেয়া হচ্ছে।”এসব বোমা বিস্ফোরণ আত্মঘাতী হামলা কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি। তবে জঙ্গিদের গোপন আস্তানার ওপর পাকিস্তানি সেনাবাহিনীর ধারাবাহিক বিমান হামলায় ৭৫ জন নিহত হওয়ার তিনদিন পর রাজধানীতে এ বোমা হামলার ঘটনাটি ঘটলো।
