নন্দীগ্রামে পাম অয়েল চাষ পরিচর্যার অভাবে ফল বিনষ্ট

আপডেট : ২৪ মে ২০১৪, ২১:৫৯
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এই প্রথম পাম অয়েল গাছের চাষ শুরু করেছে বেশ কয়েকজন কৃষক। পরিচর্যার অভাবে পাম গাছের ফলগুলো নষ্ট হওয়ার উপক্রম। উপজেলার আলহাজ্ব খলিলুর রহমান, মজিদুল ইসলাম, মকবুল হোসেন ও মোতাহার হোসেনসহ অনেকেই পাম চাষ করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌর এলাকার ঢাকুইর গ্রামের কৃষক পরশ উল্লাহ মণ্ডল পাম অয়েল গাছের বাগান তৈরি করেছেন। সেখান থেকে অনেক কৃষক পাম গাছের চারা ক্রয় করে নিজ উদ্যোগে চাষ করছেন। এসব কৃষক পাম চাষের সঠিক পরিচর্যার বিষয়ে অজ্ঞ। একারণে কৃষকেরা পাম চাষের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। পাম চাষি পরশ উল্লাহ মণ্ডল জানান, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল পাম অয়েল চাষ ও বাগান তৈরি করা। এজন্য ২০১০ সালে বগুড়ার ইলিয়াছ নার্সারী থেকে ১০৩টি পাম অয়েল গাছের চারা ক্রয় করে নিয়ে আসি। সেখানে প্রতিটি চারার মূল্য ধরেছিল ১৭৫ টাকা। বাগান তৈরি করতে খরচ হয় ৫০ হাজার টাকা। গড়ে ওঠে পাম অয়েল বাগান। বাগানের অনেক গাছে ফল আসলেও তেল অহরণের কার্যকর শিল্প-কারখানা না থাকায় কোন সুফল মিলছে না। এ কারণে অনেক চাষী পাম গাছের পরিচর্যার আগ্রহ হারিয়ে ফেলেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, পাম চাষীদের কথা শুনে বাগানে গিয়েছি। তাদের সঙ্গে কথা বলেছি। সেখানে অনেক গাছে ফল ধরেছে। কিন্তু পাম অয়েল আহরণের কার্যকর শিল্প-কারখানা গড়ে না ওঠায় কিভাবে তেল আহরণ করা যায়, সে বিষয়ে চাষীদের যথাযথভাবে পরামর্শ দেয়া হয়েছে।