ঘুষ বাণিজ্যের কবল থেকে রেহাই পাচ্ছে না সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দপ্তরি-কাম নৈশপ্রহরী নিয়োগ প্রক্রিয়া। রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাছুরবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুরগের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম নৈশপ্রহরী নিয়োগের আগেই বাণিজ্য হয়েছে ৬ থেকে ৭ লাখ টাকা। বাছুরবান্ধা বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কমিটির মেয়াদ শেষ হবার আগেই সরিয়ে দেয়া হয়েছে স্কুলটির সভাপতিকে। ৬ মে বাছুরবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম নৈশপ্রহরী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর ৭ জন প্রার্থী আবেদন করে। কিন্তু আবেদন জমার আগে বিশেষ একজন প্রার্থীর কাছে ৭ লাখ টাকা নেয় কমিটির কয়েকজন সদস্য। এ বিষয়ে ওই সভাপতি তাদের কথামতো রাজি না হওয়ায়, নিয়োগটি বাস্তবায়নের জন্য বিশেষ বৈঠকের মাধ্যমে স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হরিশ রায়কে সরিয়ে দিয়ে ইউপি সদস্য অমৃত চন্দ্র রায়কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বলে গতকাল শনিবার এ খবর প্রকাশ হওয়ায় প্রার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ বিষয়ে তারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা প্রেসক্লাবসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
