স্কুলছাত্রীকে হাতুড়িপেটা

থানায় মামলা এক বখাটে আটক

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৫৩

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুই বখাটে। এ ঘটনায় কাবুল জমাদ্দার (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত ওই ছাত্রীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের চর ঝাঁমারঘোপ গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে ও কোচিংয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিতো ওই ইউনিয়নের দ্বীননাথ পাড়ার আজমল হোসেনের বখাটে ছেলে ওবায়দুর রহমান ও আজিজার জমাদ্দারের ছেলে কাবুল জমাদ্দার। ওই ছাত্রী কুপ্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় শনিবার সকালে বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার পথে ওই দুই বখাটে ছাত্রীর পথ রোধ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঐদিন রাতে মামলা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কাবুলকে আটক করা হয়। অপর অভিযুক্ত ওবায়দুরকে আটকের জোর চেষ্টা চলছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।