আদমজী ইপিজেডে পুলিশ-শ্রমিক সংঘর্ষে ৫ জন আহত

আপডেট : ২৫ মে ২০১৪, ২১:২২
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার ১৫জন শ্রমিককে নোটিস দেয়ার জের ধরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় ৫জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। রবিবার এ ঘটনায় প্রায় আধাঘণ্টা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ থাকে। আদমজী ইপিজেডে ‘অন্তত অ্যাপারেলস’ নামের একটি রপ্তানিমুখী কারখানার ১৫জন শ্রমিককে ছাঁটাইয়ের জন্য কারণ দর্শানোর নোটিস দেয় কর্তৃপক্ষ। রবিবার ইপিজেডের মূল ফটকে ওই নোটিস দেয়া হয়। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে নোটিস দেখে উত্তেজিত হয়ে উঠে। ১১টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে ইপিজেডের গেটের সামনে মিছিল করার সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫জন শ্রমিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করার সময় পুলিশ বাধা দেয়।