ইকার ক্যাসিয়াসের প্রায় হাস্যকর এক ভুলে ম্যাচে পিছিয়ে পড়লো রিয়াল। নির্বিকার কার্লো অ্যানচেলোত্তি। নিশ্চিত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে রিয়াল। অ্যানচেলোত্তির চেহারা দেখে সেটা বোঝার উপার নেই। আবারও তীরে এসে ডুবতে যাচ্ছে তরী, হাত ফসকে বেরিয়ে যাচ্ছে বহু আরাধ্য ‘লা দেসিমা’; তবু এক মনে চুয়িংগাম চিবিয়েই যাচ্ছেন রিয়ালের ইতালিয়ান কোচ। তবে ব্লাঙ্কোসদের স্বপ্নের দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবার পর আর নিস্পৃহ থাকতে পারলেন না চ্যাম্পিয়ন্স লিগের সফলতম কোচদের তালিকায় এদিন বব পেইসলির রেকর্ডে ভাগ বসানো অ্যানচেলোত্তি। জানালেন, রিয়ালের হয়ে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারাটা স্বপ্ন সত্যি হবার মতোই একটা ব্যাপার।
রিয়াল মাদ্রিদে অ্যানচেলোত্তির নিয়োগের একমাত্র কারণই ছিল দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য এক যুগ ধরে হন্যে হয়ে ঘুরতে থাকা রিয়ালকে তাদের কাঙ্ক্ষিত ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব এনে দেয়া। তাই মাদ্রিদের বিখ্যাত হোয়াইটদের লিগ জিততে না পারাটাও অ্যানচেলোত্তির জন্য বড় কোন সমস্যা হয়ে দাঁড়ায়নি। তবে গত শনিবার রাতে যদি নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোকে হারাতে না পারতেন তাহলে নিশ্চিতভাবেই অবস্থাটা তেমন থাকতো না। আর সার্জিও র্যামোসের শেষ মুহূর্তের গোলের পর গ্যারেথ বেল, মার্সেলো, ক্রিশিয়ানো রোনালদোর গোলে অ্যাটলেটিকোকে হারিয়ে একই সাথে রিয়ালের ফুটবল ইতিহাসে সম্মানজনক একটা আসনের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকলেন তিনি। সবচেয়ে সফল চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচের তালিকায় বব পেইসলির পাশে এখন উচ্চারিত হবে অ্যানচেলোত্তির নামও। ১৯৭৭, ’৭৮ ও ’৮১ সালে লিভারপুলকে তিনবার শিরোপা জিতিয়ে বহু বছর ধরে তালিকায় সবার উপরে থাকা পেইলির সমান তিনটি শিরোপা এখন তার ভাণ্ডারেও। এর আগে এসি মিলানকে ২০০৩ ও ’০৭ সালে শিরোপা জেতানো অ্যানচেলোত্তি অনন্য হয়ে আছেন আরেক দিক থেকেও। খেলোয়াড় হিসাবেও মিলানের হয়ে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। তবে বরাবরই নিজের আবেগ প্রকাশে দারুণ মিতব্যয়ী অবিশ্বাস্য এই অর্জনের প্রসঙ্গ না টেনে বড় করে দেখতে চাইলেন দলের হার না মানা মানসিকতাকেই, ‘আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেছি যে আমাদের সমতায় ফেরা সম্ভব। আমরা অবিশ্বাস্যভাবে লড়ে গেছি এবং র্যামোসের গোলের পর কাজটা সহজ হয়ে গিয়েছিল। এটা স্বপ্ন সত্যি হবার মতো একটা ব্যাপার এবং আমি সত্যিই দারুণ খুশি।’ মার্কা ও ওয়েবসাইট অবলম্বনে।
