ঝিনাইদহে সংঘর্ষ ছেড়ে সম্প্রীতির জন্য গ্রামবাসীর অস্ত্র সমর্পণ

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনিপুর গ্রামে আর সংঘর্ষ নয়, সম্প্রীতির সাথে বসবাস করব অঙ্গীকার করে পুলিশের কাছে দেশীয় অস্ত্র সমর্পণ করেছে গ্রামবাসী।সম্প্রতি গ্রামের সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে গ্রামবাসীদের উপস্থিতিতে এ অস্ত্র সমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে শৈলকুপা থানার পুলিশ। গ্রামবাস তাদের কাছে মজুতকৃত ঢাল সড়কি ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের হাতে সমর্পণ করে। মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানান, তার ইউনিয়নের এ গ্রামে মাঝে মাঝেই দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটে মানুষ হতাহতের ঘটনা। দেশ স্বাধীনের পর ৮ জন সংঘর্ষে খুন হয়েছে। আহত হয়েছে কয়েকশ’ মানুষ। এমনকি আপন শিশুকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর মত জঘন্য ঘটনাও ঘটেছে এ গ্রামে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, গত ১৬ মে দুই দলে সংঘর্ষে ৩০ জন আহত হয়। তারপর পুলিশ গ্রামবাসীদের সাথে বৈঠক করে শান্তিতে বসবাসের জন্য অস্ত্র ও ঢাল সড়কি জমাদানের প্রক্রিয়া শুরু করেন। তারপর তারা ঘরে মজুতকৃত ঢাল সড়কি জমাদানে সম্মত হয়। গ্রামের প্রবীণ ব্যক্তি আবু বকর বলেন, আর সংঘর্ষ নয়। এখন থেকে অস্ত্র সমর্পণ করে সকলে মিলে মিশে শান্তিতে বসবাসের অঙ্গীকার করতে হবে।