কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় জলবিদ্যুত্ কেন্দ্রে উত্পাদন হ্রাস

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১২
কাপ্তাই লেকের পানির স্তর নিচে নেমে যাওয়ায় নৌপথ নির্ভর রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেক তীরবর্তী ৬টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপরদিকে বিদ্যুত্ উত্পাদনের জন্য পর্যাপ্ত পানি না পাওয়ায় কাপ্তাইস্থ দেশের একমাত্র কর্ণফুলী জলবিদ্যুত্ কেন্দ্রে উত্পাদন হ্রাস দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কাপ্তাই লেকের পানি অস্বাভাবিকভাবে শুকিয়ে গেছে। এতে লেকে নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, বাঘাইছড়ি, লংগদু এবং নানিয়ারচর উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই উপজেলাগুলোর মধ্যে বিলাইছড়িতে ২৫ কিলোমিটার, জুরাছড়িতে ২০ কিলোমিটার, নানিয়ারচরে ১৫ কিলোমিটার নৌপথ পুরোপুরি শুকিয়ে গেছে। উপজেলাগুলোতে পানিপথ ছাড়া অন্য কোন বিকল্প যাতায়াত পথ নেই। নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জেলা শহরের সাথে উপজেলাগুলোর ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। যোগাযোগ সঙ্কটের কারণে দুর্গম পার্বত্য এলাকাগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সংকট দেখা দিয়েছে এবং বন্ধ হয়ে গেছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম। এদিকে কাপ্তাই পানি বিদ্যুত্ কেন্দ্রের উত্পাদন প্রায় বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম অঞ্চলে লোডশেডিং-এর মাত্রা অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। স্বাভাবিক বিদ্যুত্ সরবরাহ পাচ্ছে না সাধারণ গ্রাহকেরা। লোডশেডিং থাকায় তীব্র গরমে মানুষের ত্রাহী অবস্থা চলছে। চরম যন্ত্রণায় ভুগছে গ্রামাঞ্চলের পল্লী বিদ্যুতের গ্রাহকরা।