কক্সবাজারের মহেশখালীতে গৃহবধূ ও রাজবাড়ী যুবকসহ তিন স্থানে তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মহেশখালীতে গৃহবধূর মৃত্যু
কক্সবাজারের মহেশখালী উপজেলার বাটিভাঙ্গা গ্রামে গভীর রাতে শ্বশুড় বাড়ির লোকজনের শারীরিক নির্যাতনে সোনা আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ সোনা আক্তারের সাথে ফুফাত ভাই সব্বির আহমদের সাথে ১০ মাস আগে বিয়ে হয়। গতকাল রবিবার সন্ধ্যায় বউকে কেন্দ্র সব্বির তার মার সাথে ঝগড়া করে। নিহতের বাবা রফিক আহমদ জানান, যে সোনা আক্তারকে গভীর রাতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সব্বির আহমদকে আটক করে পুলিশ।
মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহতের বাহুতে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজবাড়ীতে যুবক খুন
রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীর শাহমিরপুর চরে গত রবিবার সন্ধ্যায় সাগর সরদার (২৬) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, চাঁদা চাওয়ার প্রতিবাদের ঘটনায় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি নৌকায় তোলে। নৌকার মধ্যেই তাকে বেধড়ক মারধর করাসহ দুই পায়ে টেঁটা বিদ্ধ করে ফেলে রাখে। জেলেরা তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে জানান।
পাংশা থানার ওসি আবুল বাসার জানান, এ ঘটনায় গতকাল সোমবার সকালে সাগরের পিতা বাদি হয়ে পাংশা থানায় একটি হত্যা মামলা করেছে।
চৌগাছায় শিশুকে হত্যা করলেন মা
যশোরের চৌগাছা সদরে গত রবিবার গভীর রাতে বালিশ চাপা দিয়ে দুই মাসের নাফিস হাসান নামে এক শিশুকে হত্যা করেছে জন্মদাত্রী মা। স্বামীকে ভাল না লাগায় নিজের সন্তানকে হত্যা করেছে নারগিচ। এ ঘটনায় পুলিশ নারগিচকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠায়। পুলিশ জানায়, স্বামীকে ভাল না লাগা এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করায় সে নাফিসকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে।
