পৃথক দুর্ঘটনায় নিহত পাঁচজন

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৩
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় পাঁচজন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। সিংড়ায় দুইজন নিহত নাটোরের সিংড়ায় গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় জহির আহম্মেদ (৪৫) নামে এক রিপ্রেজেন্টেটিভ মারা গেছেন। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, বগুড়া থেকে সিংড়া যাওয়ার পথে অপর একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। সিংড়া ইউএনও সালমা খাতুন, অ্যাসিল্যান্ট রফিকুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরদিকে একই উপজেলার বারনই নদী তীর থেকে গতকাল সোমবার সকালে হূদয় হোসেন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ধূলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। এলাকাবাসী ও স্বজনরা জানান, রবিবার রাতে বাবা-মায়ের সাথে অভিমান করে হূদয় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মাগুরায় বৃদ্ধা নিহত মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার মগির ঢাল এলাকায় গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় হোসনে আরা (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। হোসনে আরা বেগম বাড়ি থেকে আড়পাড়া গ্রামে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় নসিমন তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। মাগুরা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নসিমনটি আটক হলেও চালক পালিয়ে গেছে। কালীগঞ্জে অজ্ঞাত নারীর মৃত্যু ঝিনাইদহের কালীগঞ্জের কেয়াবাগান এলাকায় গতকাল সোমবার সকালে বাস চাপায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অজ্ঞাত পরিচয় এক নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। আদমদীঘিতে যুবকের লাশ উদ্ধার বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে রেলগেট এলাকায় গতকাল সোমবার শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সান্তাহার জিআরপি পুলিশ। এ ব্যাপারে জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে। রানীনগর থানার দাউদপুর গ্রামের কছির উদ্দীনের পুত্র শহিদুল ইসলাম গত রবিবার বাড়ি থেকে জামালগঞ্জ ভগ্নিপতির বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। গতকাল সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেল গেটের দক্ষিণে শহিদুল ইসলামের লাশ রেললাইনের পাশে দেখতে পেয়ে এলাকাবাসী জিআরপি পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। সান্তাহার জিআরপি ওসি জানান, নিহত শহিদুল ইসলামের শরীরে কোন ধরনের কাটা বা দাগ পাওয়া যায়নি।