কাপাসিয়ায় নবজাতকের মৃত্যুতে ক্লিনিক সিলগালা

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৩
গাজীপুরের কাপাসিয়ায় ভুয়া ডাক্তারের ভুল চিকিত্সায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন গতকাল সোমবার সকালে টোক আধুনিক হাসপাতাল সিলগালা করে দিয়েছে। জানা যায়, উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি গ্রামের মোস্তফা তার গর্ভবতী স্ত্রী জেসমিনকে টোক আধুুনিক হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা করে জানায়, নরমাল ডেলিভারী সম্ভব নয়, সিজার করতে হবে। গত রবিবার সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। পরে উক্ত শিশুটি অসুস্থ হয়ে পড়লে ভুল চিকিত্সায় রবিবার সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে গাজীপুরের সিভিল সার্জন শাহ আলম শরীফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐ হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর খবর আমি পেয়েছি। রফিকুল ইসলাম, বিপ্লব কুমার রায় ও রমজান খান নামে ৩ জন নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে চিকিত্সা করে বলে ইতিপূর্বে আমার কাছে লিখিত অভিযোগ এসেছে। তাদের কোন এমবিবিএস পাস করার ডাক্তারী সনদ নেই। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সকালে গাজীপুরের জেলা প্রশাসকের নির্দেশে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন আলী সরেজমিনে হাসপাতালে এসে হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, অভিযোগের সত্যতা পাওয়ায় হাসপাতালের অপারেশন থিয়েটার, এক্স-রেসহ সকল বিভাগে তালা ঝুলিয়ে হাসপাতাল সিলগালা করে দেন।