ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত থেকে গতকাল সোমবার ভোরে মফিজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ।
বিজিবি জানায়, ওই উপজেলার সমিরনগড় কাশুয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মফিজ নাগরভিটা সীমান্তের ৩৭৫নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ১২১ তিনগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র পরিচালক কামাল আহাম্মেদ জানান, এ ঘটনার পর তিনগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তারপরও ভারতের আরো দু’একটি ক্যাম্পে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, সোমবার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী তুফানকে (২০) ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে।
চুয়াডাঙ্গা বিজিবি পরিচালক এস এম মনিরুজ্জামান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঘাডাঙ্গা গ্রামের এনামুল হক এনার ছেলে তুফান সোমবার ভোরে বাঘাডাঙ্গা সীমান্তের ৬০ নম্বর মেইন পিলারের ৪৬ নম্বর সাব-পিলার পার হয়ে ভারতের নদীয়া জেলার হাসখালি থানার সরদারপাড়া নামক স্থান থেকে গরু নিয়ে ফেরার পথে ১৭৩ বিএসএফ বর্ণবাড়িয়া ক্যাম্পের টহল সদস্যরা তাকে ৫টি গরুসহ গ্রেফতার করে ভারতের ধানতলা থানায় হস্তান্তর করে। এবিষয়ে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ কোম্পানী কমান্ডার জানান তাকে গরুসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
