কসবায় গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৪
কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামে গত রবিবার রাত দেড়টায় খাড়েরা ইউনিয়ন পরিষদ সদস্য মো. শওকত আলী ও তার চাচাতো ভাই লোকমান হোসেনের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালংকারসহ ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। অপর দিকে উপজেলার মেহারী গ্রামে ডাকাতিকালে ধরা পড়ে গণপিটুনি খেয়ে হোসেন আলী (৩২) নামে এক ডাকাত মারা যায়। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ডাকাত দল শওকত মেম্বারের বাড়ির গেট ও দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে পরিবারের সদস্যদের বেঁধে দুটি বাড়ি থেকে ২৩ ভরি স্বর্ণ ও নগদ ৮ লাখ টাকা নিয়ে যায়। শওকত আলী জানান, তিনি একজন কাঠ ব্যবসায়ী। এ ব্যাপারে শওকত মেম্বার বাদী হয়ে থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছে। এদিকে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মেহারী গ্রামের ৩টি বাড়িতে ডাকাতি হয়। গ্রামবাসী টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করলে হোসেন আলী (৩২) নামে এক ডাকাত ধরা পড়ে। গণপিটুনির পর তাকে কসবা থানায় সোপর্দ করলে গত রবিবার কোর্টে নেয়ার পর ধৃত ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ডাকাত হোসেন আলী হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শরীফপুর গ্রামের মৃত রবি মোল্লার পুত্র।