নারী-পুরুষের সুষম উন্নয়নে কাজ করছে সরকার :প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ মে ২০১৯, ২২:৪৪

জয়িতা ফাউন্ডেশনকে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার নারী-পুরুষের সুষম উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। তিনি বহুমুখী ব্যবসা উদ্যোগের জন্য নারীদের সমান ও দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।

গতকাল রবিবার সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর বিশেষ সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই ফাউন্ডেশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এর আওতায় কর্মরত তৃণমূল পর্যায়ে যেসব উদ্যোক্তা রয়েছেন তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে একটি সমাজকে গড়ে তুলতে হলে নারী-পুরুষ সকলকে সাথে নিয়েই একসঙ্গে এগিয়ে যেতে হবে। কেউ পেছনে পড়ে থাকলে সমাজ পঙ্গু হয়ে যাবে। নারীশিক্ষা এবং তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই তার সরকার কাজ করছে।

গ্রামীণ অর্থনীতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যদি গ্রামের অর্থনীতিকে শক্তিশালী না করি, গ্রামের মানুষের ক্রয়ক্ষমতা না      বাড়াই, কর্মসংস্থানের ব্যবস্থা না করি, তাহলে আমাদের অর্থনীতি কখনই উন্নত হবে না। তিনি মেয়েদের উত্পাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংগঠনটিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সেখানে কর্মরত সব নারীই বলে উঠতে পারে আমিই জয়িতা। মেয়েদের অবস্থান সুদৃঢ় করা এবং সম্মানজনক করার জন্যই জয়িতার সৃষ্টি। তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আবার একই সঙ্গে পরিবারকেও সহযোগিতা করতে পারে।