নীলফামারীর ডোমার উপজেলার সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি পর্যন্ত আন্তঃনগর ট্রেনসহ সব ট্রেন চলাচলের জন্য রেললাইন সংস্কার, স্টেশনের অবকাঠামো নির্মাণ, ইয়ার্ড নির্মাণ, পানি চলাচলের ব্যবস্থাসহ সব কাজ ইতোপূর্বে সমাপ্ত হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় এক বছর ধরে ট্রেন চালু হবে বা হচ্ছে করেও চালু হচ্ছে না। ফলে হাজার হাজার যাত্রী চলাচলের ক্ষেত্রে সমস্যায় ভুগছেন।
চিলাহাটি, ডোমার, দেবীগঞ্জ, ডিমলা, জলঢাকার লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি সৈয়দপুর ও নীলফামারী থেকে আন্তঃনগর ট্রেনগুলো সম্প্রসারণ করে চিলাহাটি পর্যন্ত চলাচল করা। সেই দাবি পূরণে কয়েক বছর আগে চিলাহাটি ও ডোমারে মিছিল, মিটিং, হরতাল ও মানববন্ধনসহ নানা রকম কর্মসূচি চালিয়ে যাওয়ার পর সরকার ২০০৯-১০ অর্থবছরে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ৬২ কিলোমিটার রেললাইন সংস্কার, অবকাঠামো, পানি সরবরাহ, টেলিফোন লাইন স্থাপন, ডিজিটাল সিগন্যাল ব্যবস্থাসহ যাবতীয় কাজের জন্য ১শ’ ৪০ কোটি টাকা বরাদ্দ করেন। এরপর ২০১০ সালে কাজ শুরু হলে পরবর্তীতে টাকার অংক বেড়ে ১শ’ ৭০ কোটি দাঁড়ায়। দীর্ঘ ৩ বছর কাজ করার পর এবছর কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। কিন্তু ট্রেন চালু হচ্ছে না।
গত ২০১৩ সালের জুলাই মাসের ১০ তারিখে ট্রেন চালু করার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করার পর চালুর ১ ঘণ্টা আগে কে উদ্বোধন করবেন সেই ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক কারণে ট্রেন চালু উদ্বোধন বন্ধ করা হয়। সেই ট্রেন চালুর জন্য স্থানীয় এমপি রেলমন্ত্রীর নিকট বহুবার গিয়ে ট্রেন উদ্বোধনের অনুমতি চেয়ে বার বার ব্যর্থ হয়েছেন। ওই রাজনৈতিক কারণে সৈয়দপুর- চিলাহাটি ট্রেন চালু হচ্ছে না। এর মধ্যে ১১ মাস অতিবাহিত হয়ে গেলেও সেই ট্রেনের চাকা আর সচল হচ্ছে না।
