আমে ফরমালিন মেশানোর দায়ে জরিমানা

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৫
বাঘায় অপরিপক্ব আমে ফলমালিন মেশানোর অপরাধে উপজেলার মনিগ্রাম এলাকায় ৩০ মণ আম ধ্বংস করাসহ এক ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার সন্ধ্যায় উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল হোসেন এ রায় কার্যকর করেন। উপজেলার মনিগ্রাম বাজারে অবস্থিত আড়তে বসে অপরিপক্ব (লকনা) আমে ফরমালিন মেশাচ্ছিলেন আম ব্যবসায়ী আশরাফুল ইসলাম। এ সময় পুলিশ সেখানে হাজির হলে সে পালিয়ে যায়। পরে আশরাফের পক্ষে তার ছোটভাই আমিনুল ইসলাম এসে অপরাধ স্বীকার করলে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল হোসেন ওই আমগুলো ধ্বংস করাসহ ২০ হাজার টাকা জরিমানা করেন।