মেজর লীগ সকারে (এমএলএস) সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে রবিবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার সমুচিত জবাব দিলেন মার্কিন স্ট্রাইকার ল্যান্ডন ডনোভান। এলএল গ্যালাক্সির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে দুই গোল করে শীর্ষস্থানটি দখল করেন ডনোভান। ফলে সর্বমোট ১৩৬টি গোলের মাধ্যমে এমএলএস-এর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান দখল করেন ডনোভান। মার্কিন জাতীয় দলের কোচ জার্গেন ক্লিন্সম্যান ব্রাজিলগামী ২৩ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে ডনোভানকে ঠাঁই না দেয়ার কয়েকদিনের মধ্যে এই সফলতা অর্জন করলেন তিনি। ম্যাচ শেষে টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কারে ডনোভান বলেন, ‘ইতোমধ্যে আমি আবেগময় তিনটি দিন কাটিয়েছি। এসময় আমার মধ্যে ব্যাপক উত্থান পতন হয়েছে। এখানে আমি সবার ব্যাপক ভালবাসায় সিক্ত হয়েছি। এমনকি আমি ওয়ার্ম-আপ করার সময়ও ভক্তরা গান গেয়ে আমার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। অসাধারণ একটা ব্যাপার এটা।’ বিশ্বকাপ স্কোয়াড থেকে ডনোভানকে বাদ দিয়ে গত শনিবার ক্লিন্সম্যান বলেছিলেন ‘ব্রাজিলে যাবার যোগ্যতা নেই তার।’
