সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৬
কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ী ও মাদক আটক কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় এক কোটি টাকার ভারতীয় শাড়ী ও মাদক আটক করা হয়েছে। গতকাল সোমবার জেলার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকা থেকে এসব শাড়ী ও মাদক আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির একাধিক বিশেষ টহল দল গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকায় অভিযান চালায়। এসময় ১ হাজার ২৭৯টি উন্নতমানের ভারতীয় শাড়ী, হুইস্কি, ফেনসিডিল, জট গাঁজা ও বিভিন্ন প্রকার মদ আটক করা হয়। ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান জানান, আটককৃত মালামালের ১ কোটি ৩ লাখ ৮০ হাজার ৩শ’ টাকা এবং এগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কুমিল্লা কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে। মদনে হিজড়াদের জীবন-মান উন্নয়নে সভা মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ গতকাল সোমবার নেত্রকোণার মদন উপজেলার লাইফ এনজিওর উদ্যোগে ভাই ভাই সুপার মার্কেটে হিজড়াদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমএ হারেছ, বিশেষ অতিথি স্বাস্থ্য প্রশাসক ডা. আব্দুর রশিদ। মদন লাইফ এনজিওর ম্যানেজার মোতাহার হোসেন এর সঞ্চালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন সমকাল মদন প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, আবুল হাসেম, গোলাম ফারুক, পপি নতুন আলোর লুত্ফর নাহার, শামসুল ইসলাম ও কাউন্সিলর সাখাওয়াত হোসেন প্রমুখ। ধামইরহাটে শিশু বান্ধব নলকূপের দাবিতে মানববন্ধন ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে শিশু বান্ধব নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিনের দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কারিতাস লাইট হাউস প্রকল্পের উদ্যোগে ২ শতাধিক শিশু শিক্ষার্থী, ইএমসি কমিটির সদস্যবৃন্দদের নিয়ে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সমাবেশে মিলিত হয়। ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লাইট হাউসের প্রকল্পের এডুকেশন সুপারভাইজার জর্ডান হেমরম, ইউপি সদস্য আকলিমা, শরিফুল ইসলাম, ইএমসি কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, শিক্ষক পাস্কায়েল হেমরম প্রমুখ। চুয়াডাঙ্গায় সাংবাদিক হত্যা মামলার আসামি গ্রেফতার চুয়াডাঙ্গা প্রতিনিধি \ পুলিশ গত রবিবার রাতে চুয়াডাঙ্গার সাংবাদিক হত্যা মামলার আসামি মোমিনুল ইসলাম ওরফে মোমিন গার্ড নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাংবাদিক হত্যা মামলার আসামি মোমিনুল ইসলাম মোমিন এলাকার জনৈক শামসুল ইসলামের পুত্র। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গ্রেফতারকৃত অন্যতম সন্দেহভাজন মোমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, গত ২০ মে দিনগত রাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা এর মোমিনপুর ইউনিয়ন সংবাদদাতা সদরুল আলম নিপুলকে মোমিনপুর রেল স্টেশনের পাশে নৃশংসভাবে হত্যা শেষে রেল লাইনের উপর লাশ ফেলে রাখে। আদমদীঘিতে জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘি উপজেলা শিবিরের উদ্যেগে গতকাল সোমবার দলীয় কার্যালয়ে এসএসসি পাশের জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা শিবিরের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান ইউনুছ আলী, জেলা শিবিরের সহ শাখার সভাপতি হেদায়েতুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ফারহানা আহম্মেদ মালা, হাফেজ আতোয়ার হোসেন, রেজওয়ানুল হক তানভির আহম্মেদ, সোহেল, মহব্বত আলী, মাহমুদুল ইসলাম প্রমুখ। কয়রায় নাইন এমএম পিস্তলসহ আটক এক কয়রা (খুলনা) সংবাদদাতা \ কয়রায় অস্ত্র ও গুলিসহ কামরুল হাসান নামে ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা অফিসার ইনচার্জ সুবীর দত্তের নেতৃত্বে এসআই আব্দুল গনি, এসআই নাজমুল হুদা, এসআই ইন্দ্রজিত মল্লিকসহ সঙ্গীয় ফোর্স গত ২৬ মে রাত পৌনে ৪টার সময় অভিযান চালিয়ে উপজেলার আমাদী ইউনিয়নের দশবাড়িয়া গ্রামের আসাদুজ্জামান সানার বাড়ির নিকট থেকে দশবাড়িয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার পুত্র কামরুল হাসান সানা (৩৫) কে ১টি ৯ এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে। এব্যাপারে কয়রা থানায় ১৮৭৮ সালে অস্ত্র আইনে ১৯-অ ধারায় একটি মামলা রুজু হয়েছে। দাউদকান্দিতে ইয়াবাসহ ২ ব্যক্তি গ্রেফতার দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল সোমবার দাউদকান্দি মডেল থানা পুলিশ দুটি বাসে তল্লাশি চালিয়ে ৩৩০ পিস ইয়াবা উদ্ধার এবং ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, দাউদকান্দি মেঘনা গোমতি সেতুর টোলপ্লাজা নামক স্থানে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাশেমপুর গ্রামের নূর হোসেনের পুত্র নূর আলমকে গ্রেফতার করে এবং তার নিকট থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে। একই স্থানে অপর একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর গ্রামের আবু হোসেনের পুত্র আব্দুল হাকিমকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক সভা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা নারী প্রগতি সংঘ এবং ঢাকার গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে গতকাল সোমবার নারী প্রগতি সংঘের অফিসে ‘কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক প্রতিবেদন প্রকাশে গণমাধ্যম কর্মীদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনপিএসের সহ-সমন্বয়কারী (প্রশিক্ষণ) নাসরিন বেগম এবং গণসাক্ষরতা অভিযানের উপ-কার্যক্রম ব্যবস্থাপক খালেদা হাবীব। এতে মতবিনিময় করেন গণমাধ্যম কর্মী কবি আল-আজাদ, শ্যামলেন্দু পাল, একেএম আব্দুল্লাহ, এম ফখরুল হক প্রমুখ। বেনাপোল সীমান্তে ভারতীয় মদ ১০টি বোমা ও পিস্তল জব্দ বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের পাঁচভুলাট সীমান্ত থেকে গতকাল সোমবার ভোরে ১০টি তাজা বোমা, একটি পিস্তল ও ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি সদস্যরা। ২৩ বিজিবির ব্যটালিয়ন কমান্ডার লে; কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ পাচার হয়ে বাংলাদেশে আসছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল পাঁচভুলাট সীমান্তে অভিযান চালিয়ে ১০ টি তাজা বোমা , ১টি পিস্তল ও ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে । মিরসরাইয়ে লার্নিং এন্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষণ মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ মিরসরাইয়ে লার্নিং এন্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার। ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, শিক্ষা কর্মকর্তা ইকবাল মনসুর, উপজেলা একাডেমীক সুপারভাইজার ডিএম সালাহ উদ্দিন, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়ক মমতাজ হাসান কমল, চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, সাংবাদিক নিরোধ বরণ মন্ডল। সৈয়দপুরে কুখ্যাত মমতাজ ডাকাত গ্রেফতার সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে কুখ্যাত ডাকাত মমতাজকে (৪৫) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর ৫টায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক থেকে তাকে ডাকাতিকৃত মোটর সাইকেলসহ আটক করা হয়। জানা যায়, সৈয়দপুর সদর পুুলিশ ফাঁড়ির এটিএস মোস্তাক আহমেদ নিয়মিত টহলকালে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের কুন্দল এলাকায় তাকে একটি বাজাজ কেলিভার ১১৫ মোটর সাইকেলযোগে দিনাজপুরের দিকে যেতে দেখে পথরোধ করে। এ সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। বাইপাস সড়কের পার্শ্ববর্তী বোতলাগাড়ী ইউনিয়নের দালালীপাড়ায় ডাকাত মমতাজের বাড়ী। ঈশ্বরগঞ্জে ৩ দিনব্যাপী মত্স্য বিষয়ক প্রশিক্ষণ ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসম্মত মত্স্য বীজ উত্পাদনের লক্ষ্যে মত্স্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলা মত্স্য খামারে ২০ জন মত্স্যচাষীর অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা মত্স্য কর্মকর্তা সুরেশ চন্দ্র সরকার। এ সময় উপজেলা মত্স্য কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র সরকার ক্ষেত্র সহকারী মো. হোসেন আলীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । পাকুন্দিয়ায় উন্মুক্ত বাজেট ঘোষণা পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ পাকুন্দিয়া উপজেলার ৪নং এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট গতকাল সোমবার সকালে পরিষদ সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান বজলুল করিম বাবুল এ বাজেট ঘোষণা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোশাররফ হোসেন খান। বাজেটে ২০১৪-১৫ অর্থবছরে আয় ১, ৩০,৬৫৮৩৫ টাকা এবং ব্যয় ১, ৩০,৬৫৮৩৫ ধরে সমন্বয় করা হয়েছে। কেন্দুয়ায় সড়ক নির্মাণ বাধা দেয়ায় গ্রামবাসীর মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদ সড়ক হতে সয়লাপাড়া মাকসুম আলীর বাড়ির সামনে মসজিদ পর্যন্ত সড়ক নির্মাণ কাজে বাধা দেবার প্রতিবাদে গতকাল সোমবার সয়লাপাড়া ও শ্রীধরপুর গ্রামের লোকজন উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা সড়ক নির্মাণ কাজে বাধা দূর করার দাবিতে কেন্দুয়া ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন। সড়কটি নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু চলতি বছর ৮ টন খাদ্য শস্য বরাদ্দ দেন। এদিকে মে মাসের শুরুতে প্রকল্প কমিটির সভাপতি ওসমান গনি শ্রমিক দিয়ে সড়ক সংস্কারের জন্য মাটি কাটার কাজ শুরু করেন। অর্ধেকেরও বেশি সড়ক সংস্কার ও নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর শেওড়া গ্রামের আব্দুল মজিদ তার লোকজনকে নিয়ে ১৩ মে রাস্তা নির্মাণ কাজে বাধা প্রদান করেন। এর প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করে। নেত্রকোনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ নেত্রকোনা প্রতিনিধি \ আইনজীবী মহাসমাবেশে পুলিশী বাধার প্রতিবাদে গতকাল সোমবার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, সম্পাদক অ্যাড. জিয়াউদ্দিন খান জিয়া, অ্যাড. আব্দুর রশিদ, অ্যাড. আবু সাদেক, অ্যাড. হামিদুর রহমান রাশেদ, অ্যাড. আব্দুর রাজ্জাক, অ্যাড. আব্দুস সালাম ও অ্যাড. রফিকুল ইসলাম বাবুল প্রমুখ। ফুলবাড়িতে সৃজনশীল মেধা অন্বেষণ সনদ বিতরণ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী নবাবগঞ্জে গতকাল সোমবার মেধা অন্বেষণ প্রতিযোগীদের মাঝে নগদ অর্থসহ সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অর্থ ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন। উপজেলা পরিষদ সভাকক্ষে সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার ও সনদপত্র বিতরণী সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক, সমবায় কর্মকর্তা মাসুদ রানা, শিক্ষক আনিসুর রহমান ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল আজিজ প্রমুখ। মেলান্দহে চারু-কারু কর্মশালার সনদ বিতরণ মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে মাসব্যাপী চারু ও কারু কলা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী শেষে সনদ বিতরণী সভা ২৫ মে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এসিএমবিএফ মেলান্দহ শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজীউর রহমান এতে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হোসেন খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। বক্তব্য রাখেন- এসিএমবিএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: দুলাল মিয়া, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম হাবিবুর রহমান চাঁন, ভাইস চেয়ারম্যান ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল আলম সিদ্দিকী, ইউএনও রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব কিসমত পাশা, এসিএমবিএফ’র বিভাগীয় পরিচালক বীরমুক্তিযোদ্ধা এম এ কাদের মণ্ডল প্রমুখ। গোপালগঞ্জে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫ গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে গরুকে জমির ধান খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। মারাত্মক আহতদের গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, রবিবার বিকেলে কাজুলিয়া গ্রামের মওলা শেখের জমির আমন ধান সিরাজ হাওলাদারের লোকজন গরু দিয়ে খাওয়ায়। মওলা শেখ এর প্রতিবাদ করলে তাকে সিরাজ হাওলাদারের লোকজন মারপিট করে। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৭ টার দিকে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ায় ফসল উত্পাদন বিষয়ক কর্মশালা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফসল উত্পাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার সকালে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নুরুস সফিউর রহমান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মোঃ বশির উদ্দিন, ড. তমাল লতা আদিত্য । মির্জাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ আইন-শৃংখলা উন্নয়নে গতকাল সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার কংকজ চন্দ্র রায়। এলাকার আইন-শৃংখলার উন্নয়নে বক্তব্য রাখেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, পৌর মেয়র মোঃ শহিদুর রহমান সহিদ, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী প্রমুখ। নলছিটিতে ১০ দিনব্যাপী লার্নিং ও আর্নিং কর্মসূচি নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির নলছিটিতে গতকাল সোমবার থেকে আইসিটি (ইন্টারনেট এন্ড কমিউনিকেশন টেকনোলজি) প্রশিক্ষনের ওপর ১০ দিনব্যাপী লার্নিং ও আর্নিং কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার সকালে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। ঢাকা আইসিটি ডিভিশনের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে শিক্ষক ও উদ্যোগী তরুণসহ ৫৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। আজ নাগেশ্বরীর শোকাবহ দিন নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ আজ নাগেশ্বরীর শোকাবহ দিন। ’৭১ সালের এই দিনে পাকি হানাদার বাহিনীর অ্যাম্বুসে ১৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এপ্রিল মাসে হানাদার বাহিনী শহরের দখল নিলে মুক্তিবাহিনী শহর থেকে সরে এসে ধরলা নদীর উত্তর তীরে প্রতিরক্ষা ব্যুহ তৈরী করে। পাকবাহিনী এ প্রতিরক্ষা ব্যুহ ভাঙ্গার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। ২৬ মে রাতে তত্কালীন কুড়িগ্রাম মহকুমা শান্তি কমিটির সেক্রেটারী শামছুল হক খন্দকার, তার ছোট ভাই মহকুমা রাজাকার কমান্ডার মোজাম্মেল হক খন্দকারের নের্তৃত্বে পাকবাহিনী মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থান এড়িয়ে ধরলা নদী অতিক্রম করে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের চন্ডীপুর নামক স্থানে অ্যাম্বুস পেতে রাখে। ২৭ মে নাগেশ্বরী থেকে মুক্তিবাহিনীর একটি দল দুইটি ট্রাক ও একটি জীপে ধরলা প্রতিরক্ষা অবস্থানের দিকে যাওয়ার পথে আক্রান্ত হয়। এ সময় ১৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। উজিরপুরে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত উজিরপুর (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের উজিরপুরের আটিপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজিরপুর মডেল থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায় আটিপাড়া গ্রামের মাজেদ সরদারের বাড়িতে ২৪ মে দুপুরে সন্ত্রাসী ভূমি খেকো আইউব আলী সরদার, আজাহার সরদার, বাবুল সরদার, আবুল সরদার, জলিল সরদারসহ ১০/১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্র, লাটিসোঁটা নিয়ে মৃত কিনাই সরদারের জমির সীমানা প্রাচীর তুলে ফেলে। আলোচিত জমির প্রকৃত ওয়ারিশ রহমান সরদার, খাদিজা বেগম, হুমায়ুন কবির, মাহেনূর বেগম জানতে পেরে তাদেরকে বাধা দিলে তারা খাদিজা বেগম (৬৫), হুমায়ুন করিব (৪৫), মাহেনুর বেগমকে (৩৮) পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেন। অপরপক্ষের রাহাতন বেগম ও আরিফ সামান্য আহত হয়। এব্যাপারে আহত হুমায়ুন কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। সিংড়ায় প্রতিমন্ত্রীর তহবিল থেকে অনুদান প্রদান সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে দুস্থ ও দরিদ্র পরিবারের সদস্যদের ও প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে গতকাল সোমবার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহায্য প্রদান করেন বাংলাদেশ ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে ২৯জন দুস্থ ও দরিদ্র পরিবারের সদস্য এবং ১৩টি প্রতিষ্ঠানে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার প্রমুখ। সাতকানিয়ায় অনলাইনে আয় বিষয়ক প্রশিক্ষণ সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং এন্ড আর্নিং’ ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে অনলাইনে আয় বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এ প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.লুত্ফুর রহমান, মত্স্য কর্মকর্তা বরকতুল আলম, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন। মশিন্দা ইউনিয়ন পরিষদের উন্মুুক্ত বাজেট গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি \ নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে এবারই প্রথম সাধারণ নাগরিকের অংশগ্রহণে উন্মুুক্ত বাজেট পেশ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার ওই বাজেট ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মাষ্টার। এ সময় ইউনিয়নের সমস্যা, সম্ভাবনা ও প্রাপ্তি তুলে ধরে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মো.এনামুল হক, মোশারফ হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।