জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নিন :মওদুদ

আপডেট : ২৬ মে ২০১৪, ২৩:১০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, দেশে আজ রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকার প্রতিষ্ঠা জরুরি। দেশ ও গণতন্ত্রের স্বার্থে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নিন। বিএনপি এতে সহযোগিতা করতে প্রস্তুত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। ব্যারিস্টার মওদুদ বলেন, নারায়ণগঞ্জ ও ফেনীতে যে ঘটনা ঘটেছে, এতে দেশের মানুষ আতঙ্কে রয়েছে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি চলতেই থাকবে। আইন-শৃঙ্খলার অবনতি ঘটবে। আওয়ামী লীগে-আওয়ামী লীগে খুনোখুনি হবে। মওদুদ আরও বলেন, নজরুল আমাদের অনুপ্রেরণা। কবি নজরুলকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জাসাসের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাসাদের সহ-সভাপতি রিজিয়া পারভীন, সাধারণ সম্পাদক মনির খান, ড. খলিলুর রহমান, আবু সালেহ, বিএনপির কেন্দ্রীয় নেতা রেজাউদ্দৌলা প্রমুখ।