‘স্মার্ট হোম’ প্রকল্প নিয়ে কাজ করছে অ্যাপল

আপডেট : ২৭ মে ২০১৪, ১৯:৫৭
দেখতে দেখতে জীবনের প্রতিটি ক্ষেত্রের সাথেই জড়িয়ে পড়েছে প্রযুক্তি। আরও বিশেষ করে বললে স্মার্ট প্রযুক্তি এখন ছড়িয়ে পড়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট হাতঘড়ি, স্মার্ট ক্যামেরা, স্মার্ট ফ্রিজ, স্মার্ট ওভেন, স্মার্ট চশমা—সবদিকেই স্মার্ট প্রযুক্তির ছড়াছড়ি। এর মধ্যেই ঘরের ভেতরেও প্রবেশ করেছে স্মার্ট প্রযুক্তি। ইন্টারনেট অব থিংসের যুগে এসে টেক জায়ান্ট অ্যাপলও এবারে স্মার্ট হোম প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের খবর, আসছে জুনে অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডাব্লিউডাব্লিউডিসি) এই স্মার্ট হোম প্ল্যাটফর্ম প্রদর্শন করে প্রযুক্তিবিশ্বকে তাক লাগিয়ে দেবে অ্যাপল। এই প্রকল্পের আওতায় মূলত কাজ করবে হোম অটোমেশন সিস্টেম যেখানে ঘরের প্রতিটি জায়গাকেই দূর থেকেও নিয়ন্ত্রণ করা যাবে। গোপনীয় এই প্রকল্প সম্পর্কে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর ফলে এর ফিচার সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়নি। তবে এই সমন্বিত এই সিস্টেম কাজ করবে আইফোন বা আইপ্যাডের মতো ডিভাইসের মাধ্যমে। স্মার্ট হোমের সাথে সিনক্রোনাইজ করা ডিভাইস নিয়ে ঘর থেকে বাইরে গেলে স্বয়ংক্রিয়ভাবেই ঘরের সব বাতি বন্ধ হয়ে যাবে এবং ঘরে প্রবেশ করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে। ঘরের পুরো ইলেক্ট্রিক্যাল সিস্টেমই নিয়ন্ত্রণ করা যাবে তখন আইফোন বা আইপ্যাড দিয়ে। এই সিস্টেমের কেন্দ্রবিন্দুতে থাকবে অ্যাপল টিভির নতুন সংস্করণ, যা এ বছরের শেষ নাগাদ বাজারে আনবে অ্যাপল। এই প্রকল্প নিয়ে কাজ করতে গিয়ে ইতোমধ্যেই বেশকিছু প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে অ্যাপল। ইনডোর পজিশনিংয়ে আইবিকনের প্রযুক্তিও তারা ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্ল্যাটফর্মটি তৈরি হয়ে গেলে এর জন্য থার্ড-পার্টি ডিভাইসের অনুমোদনও দেবে অ্যাপল। ফলে বাড়তি অনেক সুবিধাই উপভোগ করা যাবে এই সিস্টেমে। আসছে জুনের ডেভেলপার কনফারেন্সেই পরিস্কার হয়ে যাবে স্মার্ট হোম নিয়ে অ্যাপলের পরিকল্পনা, এমনটিই জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।