আইন অমান্যকারী আওয়ামী লীগের হলেও শাস্তি হবে -------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ মে ২০১৯, ২২:৪৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আওয়ামী লীগের লোক হোক আর প্রশাসনের লোকই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন অমান্যকারী যেই হোক, তার শাস্তি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুসরাত হত্যা মামলায় ফেনীর সেই ওসির বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে নতুন করে ব্যবস্থা নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যাকাণ্ডের ঘটনায় আমরা প্রমাণ করেছি আইন যারা অমান্য করবে, সে যেই হোক শাস্তি হবেই। গতকাল রবিবার ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় তিনি এসব বলেন।

সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিকল্প আর কেউ নেই, জনমনে এ বিশ্বাস স্থাপন হয়েছে। তার নেতৃত্বের কারণেই সারাবিশ্বে বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি উস্কানিমূলক বক্তব্য না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আন্দোলন করে সরকার পতন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। হানিফ বলেন, খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলনে তারাই উস্কানি দিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নিয়ে জনগণের রায়কে অশ্রদ্ধা করেছেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাদেক খান প্রমুখ।