বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে আমরা যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি, আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ ঠিক তেমনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ। তিনি একজন কারা নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা। তিনি গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লেবার পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি নেতা গোলাম মাওলা রনি প্রমুখ।
বিএনপি মহাসচিব বলেন, পত্রিকাগুলোতে সাংবাদিকদের ছাঁটাই শুরু হয়েছে। কে থাকবে কে থাকবে না তাও বলে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকার একটি একদলীয় বাকশালের পথে হাঁটছে।
মির্জা ফখরুল বলেন, দেশে আজ ৫ কোটি বেকার। এর মাধ্যমে বোঝা যায় দেশের অর্থনৈতিক অবকাঠামো কতটা বিপর্যস্ত।
জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গোটা দেশবাসীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম জিয়ার মুক্তি প্রয়োজন। মৃত্যুকে ভয় না করে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জিহাদ করতে হবে।
