ঈশ্বরগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর যুবলীগ নেতার হামলা

আপডেট : ২৬ মে ২০১৯, ২২:৪৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করতে তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। হামলায় ওই পরিবারের ৮ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন সূর্য রাণী রবিদাস, মোহন, মিনতি রাণী, গৌর প্রসাদ, শুভ, বিজয়, রুবেল ও দুর্জয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার উচাখিলা বাজারে।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বসতভিটা  নিয়ে উচাখিলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল মিয়ার সঙ্গে অর্জুন রবি দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার জের হিসেবে ওই দিন রাতে সোহেল ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারটিকে উচ্ছেদ করার উদ্দেশ্যে হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়া সম্পদেরও ক্ষয়ক্ষতি করে। আহতদের রাতেই স্থানীয় লোকজন উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিত্সক আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় অর্জুন রবিদাস বাদী হয়ে রবিবার ১২  জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো সাত আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন,  ইতোমধ্যে তিন আসামিকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।