প্র যু ক্তি ব্য ক্তি ত্ব : টেড নেলসন

আপডেট : ২৭ মে ২০১৪, ২১:৫৮
আজকের এই বিশ্বে তথ্যপ্রযুক্তির জয়জয়কার থাকলেও আজ থেকে বছর পঞ্চাশ আগেও চিত্রটি এমন ছিল না। সেই সময়ে যাদের হাত ধরে তথ্যপ্রযুক্তির যাত্রার শুরু, তাদেরই একজন টেড নেলসন। তাকে তথ্যপ্রযুক্তির একজন পথিকৃত্ হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। মার্কিন এই দার্শনিক এবং সমাজবিজ্ঞানীর হাত ধরেই ‘হাইপারটেক্সট’, ‘হাইপারমিডিয়া’ প্রভৃতি শব্দের সাথে পরিচিত হয়ে ওঠে বিশ্ব। ট্রান্সক্লুশন, ভার্চুয়ালিটি প্রভৃতি শব্দেরও প্রবর্তক তিনিই। নেলসন জন্মগ্রহণ করেন ১৯৩৭ সালের ১৭ জুন। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন ১৯৫৯ সালে সোয়ার্থমোর কলেজ থেকে। এরপর দর্শন নিয়ে পড়ালেখা করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তবে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সমাজবিজ্ঞানে। তবে এরপরেই তিনি কাজ শুরু করেন ‘প্রজেক্ট জ্যানাডু’ নিয়ে। এর মূল লক্ষ্যই ছিল সহজে ব্যবহারযোগ্য কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা। মূলত এ সময় থেকেই তিনি তথ্যপ্রযুক্তিতে আগ্রহী হয়ে ওঠেন এবং তথ্যপ্রযুক্তির প্রসার নিয়ে কাজ শুরু করেন। তথ্যপ্রযুক্তিকে নিয়ে তার অগ্রণী দৃষ্টিভঙ্গিই তাকে প্রযুক্তিবিশ্বে সুপরিচিত করে তোলে।