প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:৪২
দর্শক সমর্থন কিংবা বেটিং হাউজগুলোর জরিপে হয়তো বিশ্বকাপের অন্যতম ফেভারিটই বলা চলে আর্জেন্টিনাকে। তবে, বিশ্বব্যাপী কোটি কোটি সমর্থকের আশার পালে হাওয়া যোগাতে একেবারেই নারাজ দলের কোচ আলেসান্দ্রো সাবেলা। বর্ষীয়ান এই কোচ জানিয়ে দিয়েছেন, শিরোপা নয় আপাতত সেমিফাইনাল নিশ্চিত করার দিকেই দৃষ্টি তার। দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬’র বিশ্বকাপ জেতার পর শিরোপা যেন সোনার হরিণ হয়ে গেছে আর্জেন্টিনার জন্য। দুর্দান্ত আক্রমণভাগের জন্য প্রায় প্রতিবারই অন্যতম ফেভারিটের তকমা গায়ে নিয়ে ফুটবলের সর্বোচ্চ আসরে গেলেও প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরছে দলটি। ক্লাব ফুটবলে নিজ নিজ দলের হয়ে লিওনেল মেসি, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুইনদের অসাধারণ ফর্ম গত বিশ্বকাপেও অন্যতম ফেভারিট হিসাবেই রেখেছিল আর্জেন্টিনাকে। তবে, জার্মানির সঙ্গে চার গোলের লজ্জাজনক হারে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের। তাই শিরোপার আশা বাদ দিয়ে আপাতত শেষ চারে নাম লেখাতে বদ্ধপরিকর সাবেলা। তর্ক যোগ্যভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় মেসির দলে উপস্থিতি আর পরিচিত লাতিন কন্ডিশনের কথা বিবেচনা করে গত বিশ্বকাপগুলোর চাইতে এবার তুলনামূলক ভাল অবস্থাতেই থাকবে আর্জেন্টিনা। তবে ফেভারিটের তকমা লাগিয়ে গত কয়েকটি বিশ্বকাপে হতাশ করার কারণেই কিনা এবার আর ফেভারিটের চাপ নিতে নারাজ আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘আমি শিরোপার প্রতিজ্ঞা করতে পারছি না। আমাদের প্রাথমিক লক্ষ্য শীর্ষ চারে থেকে টুর্নামেন্ট শেষ করা। তবে, নিশ্চিতভাবেই আমরা আরো উপরে উঠতে চাই। আমাদের অবশ্যই গত বিশ্বকাপের চাইতে ভাল কিছু করতে হবে।’ আর সেমিফাইনাল নিশ্চিত করতে চাইলে মেসিকে উপযুক্ত সাহচার্য দেয়ার কোন বিকল্প নেই বলেও জানালেন এই কোচ। মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টিনা খেলবে জানিয়ে তিনি বলেন, ‘অধিনায়কই সামনে থেকে নেতৃত্ব দেবেন। আর সেই লোকটা মেসি। সবাই তার পেছনে আছেন। দলের ঝান্ডা থাকবে তার হাতেই।’ ওয়েবসাইট।