নান্দাইল-বালিপাড়া সেতুর নির্মাণ পাঁচ বছরেও শেষ হয়নি

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:৪৪
ময়মনসিংহের উত্তরাঞ্চলসহ কিশোরগঞ্জ জেলার বিশাল এলাকার সাথে রাজধানীর সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম নান্দাইল-বালিপাড়া সেতুর নির্মাণ কাজ গত পাঁচ বছরেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের ঢিলেমির কারণে সড়ক বিভাগ দুইবার সময় বাড়াতে বাধ্য হয়। সময় বর্ধিত করার পর সেতুটি উদ্বোধন হওয়ার কথা চলতি বছরের ৩০ জুন। বর্তমানে সেতুর পূর্ব ও পশ্চিম পাশের সংযোগ সড়ক নির্মাণ শেষ করেছে। কিন্তু সেতুটিতে ওঠে দেখা যায়, এটির মধ্যস্থলে ৪৪ মিটার স্থানে এখনও স্ল্যাব (কংক্রিটের পাটাতন) বসানো হয়নি। নির্মিত অংশে পথচারী চলাচলের জন্যে দুইপাশের ফুটপাত ও রেলিং নির্মিত হয়নি। এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী হাফিজ মোহাম্মদ জানান, তারা সেতুটির ৭০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন করেছেন। নান্দাইলের চরভেলামারি গ্রামের বজলুল হক (৩৫) বলেন, সেতুটি আমাদের স্বপ্ন। এটি নির্মিত হলে আমরা খুব সহজেই রাজধানী ও জেলা শহরের সাথে যোগাযোগ করতে পারবো। সেতুর তদারকী কর্মকর্তা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মোফাখখারুল ইসলাম বলেন, আগামী ১৫ জুনের মধ্যে সেতুর বাকি অংশের ঢালাই কাজ যে কোন মূল্যে সম্পন্ন করা হবে। বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে পারবো বলে আশা করছি।