দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নবাবগঞ্জে ছেলের
হাতে বাবা খুন
ঢাকার নবাবগঞ্জে ছেলের হাতে আহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছে। জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে মাদকের টাকার দাবি করে বাবাকে বকাঝকা করে ছেলে বশির। কথা কাটাকাটির একপর্যায়ে বশির ক্ষিপ্ত হয়ে বাবার বুকের উপর বসে শরীরের বিভিন্নস্থানে কিলঘুষি মারে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে রাত ৯টার দিকে নিজ ঘরে তিনি মারা যান।
শার্শায় স্কুল ছাত্রীর
বস্তাবন্দী লাশ উদ্ধার
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বসতপুর গ্রামের একটি ডোবা থেকে মঙ্গলবার ভোরে সেলিনা খাতুন (১১) নামে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোরে খবর পেয়ে ডোবা থেকে ৫ম শ্রেণীর ছাত্রী সেলিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সেলিনাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
হরিণাকুণ্ডুতে এক ব্যক্তিকে
কুপিয়ে হত্যা
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সোমবার রাতে প্রতিপক্ষ মশিউর রহমান (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে। তিনি ওই গ্রামের মৃত এস, এম মজিবর রহমান বিশ্বাসের ছেলে।
লালপুরে আম পাড়াকে
কেন্দ্র করে এক ব্যক্তি খুন
মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার ভাটপাড়া গ্রামে গাছের আম পাড়াকে কেন্দ্র করে হাসুয়ার আঘাতে আছান আলী (৪৫) নামে একজন খুন হয়েছে। আছান আলী ঐ গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১টার দিকে জালাল উদ্দিন (৪২) আছানের আম বাগানের একটি গাছের আম পাড়ে। এতে আছান আলী প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে জালাল তার হাতে থাকা হাসুয়া দিয়ে আছান আলীর বুকে আঘাত করে। লোকজন তাকে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
উলিপুরে নববধূর আত্মহত্যা
কুড়িগ্রামের উলিপুরে নানার বাড়ীতে গিয়ে এক নববধূ গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে- ঠেকিয়ারাম গ্রামের দিনমজুর আরিফুল ইসলামের স্ত্রী কুলছম বেগম (১৮) অভিমান করে পার্শ্ববর্তী নানা কবির উদ্দিনের বাড়িতে যায়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সবার অজান্তে নানার শয়ন কক্ষে শাড়ির আঁচল পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
