নাইক্ষ্যংছড়িতে ব্যাংক কর্মকর্তাসহ অপহূত তিন, পরে উদ্ধার

আপডেট : ২৭ মে ২০১৪, ২৩:১৭
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কৃষি ব্যাংক কর্মকর্তা জিতেন্দ্র মারমাসহ তিনজনকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সোমবার রাত সাড়ে নয়টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইদগড় সড়কের ব্যঙডেবা এলাকায় এই ঘটনা ঘটে। অপহূতদের উদ্ধারে বিজিবি, পুলিশ ও স্থানীয়রা জোরালো অভিযানে নেমেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইশারী ইদগড় সড়কের ব্যঙডেবা এলাকায় ব্যরিকেড দিয়ে যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে একটি ছোট যাত্রীবাহী বাস থেকে বাইশারী কৃষি ব্যাংকের কর্মকর্তা জিতেন্দ্র মারমাকে এবং ভাড়ায় চালিত মোটর সাইকেল থেকে চালক মাহাবুবুর রহমান সেলিম ও অন্য একজনকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহূত অন্যজনের পরিচয় জানা যায়নি। এদিকে একটি বেসরকারী টেলিভিশনের খবরে বলা হয়, অপহূত তিনজনকে পুলিশ পরে উদ্ধার করেছে। এই ঘটনার পর অপরিচিত নাম্বার থেকে অপহূত সেলিমের স্ত্রী শাহানাজ আক্তারকে ফোন করে অপহূতরা সকলে সুস্থ আছেন বলে দাবি করেছে অজ্ঞাত অপহরণকারীরা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মুক্তিপণের দাবি করা হয়নি। অপহূত ব্যাংক কর্মকর্তা জিতেন্দ্রর বাড়ি চকরিয়ার ডুলাহাজারা এলাকায়। এক দিনের ছুটি কাটিয়ে অফিসে ফেরার পথে তিনি অপহূত হন। অন্য দুইজনের বাড়ি বাইশারী এলাকায়। রামুর ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ জানান, সি লাইন পরিবহনের একটি ছোট বাস রাতে যাত্রী নিয়ে ঈদগড় সড়ক দিয়ে পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারী বাজারে যাচ্ছিল। পথে রামুর ব্যঙডেবা এলাকায় এই ঘটনা ঘটে। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইকুল আহমদ জানিয়েছেন, অপহূতদের উদ্ধারে যৌথ অভিযান চলছে।